২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সপ্তাহে ভোট হতে পারে

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সপ্তাহে পার্লামেন্টে ভোটাভুটি হতে পারে। পার্লামেন্টের এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। পার্লামেন্টের নিম্ন কক্ষের সেক্রেটারি জেনারেল পিতুন পুমহিরান সাংবাদিকদের বলেন, "রাজা পার্লামেন্টের বিশেষ অধিবেশনের অনুমতি দেওয়ার পর স্পিকার প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির তারিখ নির্ধারণ করবেন। আগামী সপ্তাহে ভোট হতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ব্যাংকক, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সপ্তাহে পার্লামেন্টে ভোটাভুটি হতে পারে। পার্লামেন্টের এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। পার্লামেন্টের নিম্ন কক্ষের সেক্রেটারি জেনারেল পিতুন পুমহিরান সাংবাদিকদের বলেন, "রাজা পার্লামেন্টের বিশেষ অধিবেশনের অনুমতি দেওয়ার পর স্পিকার প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির তারিখ নির্ধারণ করবেন। আগামী সপ্তাহে ভোট হতে পারে।" পার্লামেন্ট অধিবেশনের অনুমতি দেওয়ার জন্য ইতোমধ্যে রাজাকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল থাকসিনপন্থি পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ করে। আদালত প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাইয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী নির্বাচনে বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি গত সোমবার জরুরি ভিত্তিতে পার্লামেন্টে ভোটাভুটির আহ্বান জানায়। একই সঙ্গে তারা দাবি করে সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে। সোমবার পার্লামেন্টের স্পিকারের কাছে এক পিটিশনে ডেমোক্র্যাট পার্টি জানায়, আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে। ডোমোক্র্যাট পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী প্রার্থী অভিসিত ভেজ্জাজিভা সাংবাদিকদের বলেন, "অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি। ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বে সরকার গঠনে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে।" সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি দলও গত রোববার দাবি করে, জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। আদালত পিপিপিকে নিষিদ্ধ করায় দলটি নতুন করে পুয়া থাই নামে যাত্রা শুরু করেছে। থাকসিনের থাই রক থাই পার্টিকে নিষিদ্ধ করার পর সেটি ভেঙে পিপিটি গঠন করা হয়েছিল। পুয়া থাই পার্টির উপ-নেতা কানাওয়াত ওয়াসিনসুংগরম গত রোববার বলেন, "এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২২২টি ভোটের চেয়েও বেশি ভোট আমাদের আছে। আমাদের সাবেক জোট মিত্ররা আমাদের সঙ্গে যোগ দেবে।" ডেমোক্র্যাটিক পার্টি এর আগে গত শনিবার দাবি করে, ক্ষমতাসীনের জোটের কয়েকটি শরিকদল তাদের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে রাজি হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে সাবেক জোটের চারটি শরিকদলের কয়েকজন শীর্ষ নেতাকে হাজির করে ডেমোক্র্যাট পার্টি জানায়, এরা এখন তাদের সঙ্গে যোগ দেবেন। এছাড়া পিপিপি'র কিছু নেতাও তাদের সঙ্গে আছেন বলে দলটি দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/ ১৭৩০ ঘ.