২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তালাশে পাকিস্তান একাগ্রতার পরিচয় দিয়েছে: জারদারি

কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে পাকিস্তান মুম্বাই হামলায় জড়িত যে কোনও জঙ্গিকে খুঁজে বের করার সদিচ্ছা এবং একাগ্রতার পরিচয় দিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 10:46 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে পাকিস্তান মুম্বাই হামলায় জড়িত যে কোনও জঙ্গিকে খুঁজে বের করার সদিচ্ছা এবং একাগ্রতার পরিচয় দিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মঙ্গলবার একথা বলেছেন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এর ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত একটি নিবন্ধে জারদারি লেখেন, "রোববার অভিযান চালিয়ে যেভাবে কয়েকজন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে সেভাবে দেশে আরও জঙ্গির সন্ধান পেলে পাকিস্তান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" জারদারি ওই অভিযানের স্থান উল্লেখ করেননি এবং কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কিছু বলেননি। একজন সামরিক মুখপাত্রও এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। রয়টার্স পাকিস্তানের জঙ্গিবিরোধী অভিযানের খবর নিশ্চিত করে জানায়নি। তবে পাকিস্তানের একটি দৈনিক পত্রিকা জামাত-উদ-দোয়া পার্টির কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লস্কর-ই-তৈয়্যবার শিবির পাক সেনাদের অভিযানের লক্ষ্য। এই শিবিরে হামলা চালিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মুম্বাই হামলার হোতা সন্দেহে জাকি-উর রেহমান লাখভিকে গ্রেপ্তার করে। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে ভারত। অন্যদিকে, পাকিস্তান মুম্বাই হামলার ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে। তবে পাকিস্তানে ওই ঘটনার সঙ্গে জড়িত কোনও জঙ্গি গ্রেপ্তার হলে দেশের মাটিতেই তার বিচার করার অঙ্গীকার করেছে ইসলামাবাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.