ব্রাসেলস, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিশ্ব নেতাদের আহ্বানে সোমবার শামিল হয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের বলেন, "পদত্যাগের জন্য মুগাবের ওপর সর্বতোভাবে চাপ সৃষ্টির সময় হয়ে এসেছে বলেই আমি মনে করি।"
সোলানা বলেন, ২৭ জাতি ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে জিম্বাবুয়ের কর্মকর্তাদের ইউরোপ ভ্রমণ নিষিদ্ধের লম্বা তালিকায় আরও ১১ জনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে। সেটি সম্ভব। তবে তিনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত জিম্বাবুয়ের ওপর নতুন করে আর কোনও নিষেধাজ্ঞা আরোপ না করার কথা বলেন।
তিনি বলেন, "যা কিছু করা সম্ভব তার সবই করা হয়েছে। এখন গুরুত্বপুর্ণ ব্যাপার হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টি করা।"
ইইউ এর আগে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনও মুগাবের চলে যাওয়ার সময় হয়ে এসেছে বলে মন্তব্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৯ ঘ.
bdnews24