নিউ ইয়র্ক, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছরের প্রথম দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের আশেপাশে নতুন করে মোতায়েন করা হচ্ছে আরও মার্কিন সেনা। এর ফলে কাবুলের নিরাপত্তার নাজুক অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস রোববার এ খবর জানিয়েছে।
আফগানিস্তানে মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, দেশটির যে সমস্ত অঞ্চলে বিদ্রোহী তৎপরতা সবচেয়ে বেশি নতুন মার্কিন সেনাদের এ মুহূর্তে ওই সব জায়গায় না দিয়ে বরং কাবুল ও এর আশেপাশে মোতায়েন করা হবে। নতুন ব্রিগেডের আওতায় আগামী জানুয়ারিতে আফগানিস্তানে পাঠানো হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার সেনা।
টাইমস জানায়, নতুন মার্কিন সেনাদের কাবুলে মোতায়েনের বিষয়টি থেকে মনে হচ্ছে আন্তসীমান্ত জঙ্গি তৎপরতা দমনের প্রধান লক্ষ্য থেকেও কাবুলের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। মার্কিন কমান্ডাররা সে রকমই চাইছেন এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও তা অনুমোদন করেছেন।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের মুখে তালেবান সরকারের পতনের পর দেশটিতে সংঘাত বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় মার্কিন সেনা কমান্ডাররা সেখানে অতিরিক্ত সেনা চাইছেন।
মার্কিন ও ন্যাটো কমান্ডাররা জানিয়েছেন, রাজধানী কাবুলের নিরাপত্তা নিশ্চিত করা, কাবুলের পার্শ্ববর্তী ওয়ারদাক ও লাগোর প্রদেশের তালেবানদের শক্ত ঘাঁটিগুলোতে আঘাত হানা এবং সেখানকার উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তা জোরদার করা এ মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। নিউ ইয়র্ক টাইমস একথা জানিয়েছে।
পত্রিকাটি আরও জানায়, এই প্রথম কাবুলের দক্ষিণাংশে মার্কিন বা মিত্র সেনাদের বেশি মাত্রায় মোতায়েন করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস গত শুক্রবার জানিয়েছেন, বুশ প্রশাসনের আফগান নীতি পর্যালোচনা প্রায় শেষ হয়েছে এবং নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের বিষয়ে সর্বশেষ নীতি হাতে পাবেন। ওবামা আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24