২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কিছু শরিককে দলে ভেড়ানোর দাবি থাই বিরোধীদলের

থাইলান্ডের বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি শনিবার দাবি করেছে, বর্তমান ক্ষমতাসীনের জোটের কয়েকটি শরিকদল তাদের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে রাজি হয়েছে। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ ঘোষণা করায় পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বুধবারের রায়ে আদালত সোমচাইকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ব্যাংকক, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইলান্ডের বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি শনিবার দাবি করেছে, বর্তমান ক্ষমতাসীনের জোটের কয়েকটি শরিকদল তাদের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে রাজি হয়েছে। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ ঘোষণা করায় পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বুধবারের রায়ে আদালত সোমচাইকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। শনিবার এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন জোটের চারটি শরিকদলের কয়েকজন শীর্ষ নেতাকে হাজির করে ডেমোক্র্যাটিক পার্টি জানায়, এরা এখন তাদের সঙ্গে যোগ দেবেন। এছাড়া পিপিপি'র কিছু নেতাও তাদের সঙ্গে আছেন বলে দলটি দাবি করে। ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব সুথেপ থাগসুবান সংবাদ সম্মেলনে বলেন, "দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যা এবং থাই জনগনের অনুভূতি আমরা বুঝি। সংকট সমাধানে আমরা একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।" প্রধানমন্ত্রী সোমচাইয়ের পদত্যাগ দাবিতে আন্দোলনরত সরকারবিরোধী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যসি (পিএডি) কয়েকদিন ধরে ব্যাংককের প্রধান দুটি বিমানবন্দর অবরোধ করে রাখার পর গত বুধবার আদালত পিপিপি এবং সোমচাইকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর বিমানবন্দর থেকে অবরোধ তুলে নেয় পিএডি। তবে পিএডি জানিয়েছে নতুন সরকার তাদের পছন্দ না হলে আবার রাজপথে বিক্ষোভ শুরু করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.