অটোয়া, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বিরোধীদলের ক্ষমতা দখলের হাত থেকে সরকারকে বাঁচাতে সাময়িকভাবে পার্লামেন্ট অকার্যকর করতে সফল হয়েছেন। কানাডার রাষ্ট্রীয় প্রধান রাণী এলিজাবেথের প্রতিনিধি গভর্নর জেনারেল মিশেল জেন ২৬ জানুয়ারি পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন বন্ধ রাখার হার্পারের অনুরোধে রাজি হয়েছেন।
১৪ অক্টোবরে নির্বাচনের পর মাত্র কয়েকসপ্তাহ আগে পার্লামেন্টে অধিবেশন আহ্বান করা হয়েছিল। কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের কনজারভেটিভ সরকারকে উৎখাতের অঙ্গীকার করে গত সোমবার চুক্তি সই করে প্রধান তিন বিরোধী দল লিবারেল পাির্ট, নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) এবং ব্লক কিউবেকোয়াস। কনজারভেটিভদের সরিয়ে একটি কোয়ালিশন সরকার গড়াই ছিল তাদের উদ্দেশ্য। বিরোধীদের এ প্রচেষ্টা রুখতে পার্লামেন্ট অকার্যকরের বিরল এই পদক্ষেপ নিলেন হার্পার।
পার্লামেন্ট অকার্যকরের হার্পারের এ পদক্ষেপ নজিরবিহীন। হাউজ অব কমন্সে আস্থা ভোট এড়াতে কোনও প্রধানমন্ত্রীই এর আগে এমন পদক্ষেপ নেননি। আগামী সোমবার পার্লামেন্টে এ ধরনের ভোট হওয়ার কথা ছিল। এতে কনজারভেটিভ দল তাতে হারবে এবং বিরোধীদল ক্ষমতা নিয়ে নেবে এটিও একরকম নিশ্চিত ছিল।
কিন্তু তার আগেই গভর্নর জেনারেলের সঙ্গে দু ঘন্টা বৈঠকের পর হার্পার আগামী ২৭ জানুয়ারিতে বাজেট পেশের প্রতিশ্র"তি দেন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলাতে আগামী কয়েক সপ্তাহে সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বলেন, "আজকের এ সিদ্ধান্ত আমাদেরকে অর্থনীতিকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করে যাওয়ার সুযোগ করে দিল।"
কানাডার অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে প্রধানমন্ত্রী হার্পার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না অভিযোগে গত সোমবার তিন বিরোধীদল আনুষ্ঠানিকভাবে জোট গড়ার প্রস্তাব দেয়। কিন্তু বিচ্ছিন্নতাবাদী ব্লক কিউবেকোয়াস এর সঙ্গে জোটবদ্ধ হওয়াকে গণতন্ত্রের অবমাননা এবং কানাডার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে হার্পার বলেন, "সব ধরনের আইনি ব্যবস্থার মাধ্যমে" সরকার জোট গঠনের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করবে।
ওইদিনই হার্পার জানান, কানাডার রাষ্ট্রীয় প্রধান রাণী এলিজাবেথের প্রতিনিধি গভর্নর জেনারেল মিশেল জেনকে সাময়িকভাবে পার্লামেন্ট অকার্যকর করার আহ্বান জানাতে পারে সরকার।
জেন কানাডার প্রতীকী প্রধান হলেও সাংবিধানিক কোনো বিষয়ে তার কথাই চূড়ান্ত।
অপর দুই দলের সঙ্গে লিবারেল পার্টির চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী হার্পার পার্লামেন্টে বলেন, "লিবারেল পার্টির ইতিহাসে এটাই সবচেয় বড় ভুল।"
পার্লামেন্টের নিয়মিত অধিবেশনের সময় বিরোধী দলের প্রতি "লজ্জ্বা" "লজ্জ্বা" শ্লোগান দেয় কনজারভেটিভ দলের আইনপ্রণেতারা।
হার্পার বলেন, "কেউ কানাডার প্রধানমন্ত্রী হতে চাইলে তাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে। আর এটাই কানাডার গণতন্ত্রের প্রধান নীতি।"
এ সময় পেছন থেকে বিরোধী দলের নেতা স্টেফানি ডিয়ন বলেন, "এই হাউজের সব সদস্যই কানাডার জনগণের ম্যান্ডেট পেয়েছে....আর প্রধানমন্ত্রীর হাউজের সমর্থনই নেই।"
হার্পারের সহযোগী জানান, বিরোধী দলগুলোর প্রস্তাবিত জোটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণও দিতে পারেন।
বিরোধী দলগুলোর প্রস্তাবিত জোটের পরিপ্রেক্ষিতে দুটি বেতার বিজ্ঞাপন প্রকাশ করে ক্ষমতাসীন করজারভেটিভ পার্টি। এর একটিতে বলা হয়, "এটা কানাডা। এখানে ক্ষমতা অর্জন করতে হয়, দখল করা যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৩ ঘ.
bdnews24