ব্যাংকক, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টানা কয়েকদিনের রাজনৈতিক সঙ্কটের পর ধীরে ধীরে চালু হওয়া ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে জনগণ দৃষ্টি ফিরিয়েছিল রাজা ভূমিবল আদুলায়েজের দিকে। ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কী বলেন সবাই চেয়ে ছিল সেদিকেই। কিন্তু শেষ পর্যন্ত ভাষণ দিতে পারলেন না ভূমিবল।
গলায় ইনফেকশনই তার ভাষণ দিতে না পারার কারণ। ইনফেকশনের কারণে খাওয়া দাওয়া ঠিকমতো করতে না পারায় তাকে ওষুধ দেওয়া হয়েছে এবং স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রাউন প্রিন্স মহা চক্রী শিরিনধ্রন।
থাইল্যান্ডে কয়েকদিনের রাজনৈতিক সঙ্কটের পর রাজা ভাষণে ঐক্যের ডাক দেবেন এমনটিই আশা করছিল জনগণ। বৃহস্পতিবার ০৯০০ জিএমটির পর বেতারে ভাষণ দেওয়ার কথা ছিল রাজার। এ ভাষণের পরপরই শুক্রবার বিমানবন্দর পরিপূর্ণভাবে চালু হবে এমন আশা করেছিলেন অনেকেই।
পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)'র ১ সপ্তাহব্যাপী অবরোধের পর বিমানবন্দরের কাজ শুরু হলেও এখনও আটকা পড়ে আছে বহু পর্যটক। বিবিসি জানিয়েছে, এখনও বিমানবন্দর ছাড়েনি ৩৬ টি ফ্লাইট। এর মধ্যে ১২ টি আন্তর্জাতিক ফ্লাইট। শুক্রবারের আগে বিমানবন্দর পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা কম।
সরকারবিরোধী বিক্ষোভকারীদের হামলা এবং এরপর থেকে অবরোধের কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল ব্যাংককের অন্যতম গুরুত্বপূর্ণ সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ও অভ্যন্তরীণ ডন মুয়াং বিমানবন্দর। এতে করে দেশটিতে আটকা পড়ে হাজার হাজার বিদেশি পর্যটক। ক্ষতিগ্রস্ত হয় থাইল্যান্ডের পর্যটন শিল্প এবং রপ্তানী নির্ভর অর্থনীতি।
সুবর্ণভূমি বিমানবন্দর থেকে বিবিসি'র প্রতিনিধি জানিয়েছেন, এই বিমানবন্দর দিয়ে পণ্যবাহী কার্গো বিমান চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হওয়ার কথা।
প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতের ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) মঙ্গলবার নিষিদ্ধ করে সাংবিধানিক আদালতের রায়ের পর বিমানবন্দর থেকে অবরোধ তুলে নিতে রাজি হয় সরকারবিরোধী বিক্ষোভকারী পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)।
একইসঙ্গে সোমচাইসহ তার দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) শীর্ষ নেতাদের ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করেছে আদালত। গত বছর ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পিপিপি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬১৪ ঘ.
bdnews24