ব্যাংকক, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের দুটি প্রধান বিমানবন্দর থেকে অবরোধ তুলে নিয়েছে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা। বুধবার তারা বিমানবন্দর ছেড়ে চলে যেতে শুরু করেছে। এর মধ্য দিয়ে ৮ দিনব্যাপী অচলবস্থার অবসান হল। বিমান চলাচল দু'দিনের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
৪ ডিসেম্বর থেকে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।
তবে এর আগে বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছিলেন, বিক্ষোভকারীদের অবরোধের কারণে ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
সরকারবিরোধী বিক্ষোভকারীদের হামলা এবং এরপর থেকে অবরোধের কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল ব্যাংককের অন্যতম গুরুত্বপূর্ণ সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ও অভ্যন্তরীণ ডন মুয়াং বিমানবন্দর। এতে করে দেশটিতে আটকা পড়ে হাজার হাজার বিদেশি পর্যটক।
সুবর্ণভূমি বিমানবন্দর থেকে বিবিসি'র প্রতিনিধি জানিয়েছেন, এই বিমানবন্দর দিয়ে পণ্যবাহী কার্গো বিমান চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতের ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) মঙ্গলবার নিষিদ্ধ করে সাংবিধানিক আদালতের রায়ের পর বিমানবন্দর থেকে অবরোধ তুলে নিতে রাজি হয় সরকারবিরোধী বিক্ষোভকারী পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)।
একইসঙ্গে সোমচাইসহ তার দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) শীর্ষ নেতাদের ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করেছে আদালত। গত বছর ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পিপিপি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24