নিউ দিল্লি, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী মঙ্গলবার বলেছেন, মুম্বাই হামলার বিষয়ে পাকিস্তান পদক্ষেপ না নিলে তাদের সঙ্গে শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখা কঠিন হবে।
এনডিটিভিকে প্রণব মুখার্জী বলেন, "পাকিস্তানের সঙ্গে শান্তি প্রচেষ্টা এগিয়ে না নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে তারা যদি পর্যাপ্ত পদক্ষেপ না নেয় তাহলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা বিশেষ করে শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।"
একই সঙ্গে তিনি জানান, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার ভারতের আছে ।
তিনি বলেন, "সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। তবে আমি যা বলছি তার অর্থ এই, দেশের অখণ্ডতা রক্ষায় দরকার হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার প্রতিটি স্বাধীন দেশের আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫ ঘ.
bdnews24