২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি: ওবামা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার বলেছেন, দক্ষিণ এশিয়ার জঙ্গিরা যুক্তরাষ্ট্রের জন্য সবচে বড় হুমকি। আর তাই সন্ত্রাসের এই হুমকি দূর করতে তিনি 'পুরোপুরি প্রতিশ্র"তিবদ্ধ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

শিকাগো, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার বলেছেন, দক্ষিণ এশিয়ার জঙ্গিরা যুক্তরাষ্ট্রের জন্য সবচে বড় হুমকি। আর তাই সন্ত্রাসের এই হুমকি দূর করতে তিনি 'পুরোপুরি প্রতিশ্র"তিবদ্ধ'। জাতীয় নিরাপত্তা টীমের সদস্যদের নাম ঘোষণার পর সাংবাদিকদের ওবামা বলেন, "বিশ্বে বিকৃত আদর্শের চরমপন্থীদের হাতে নিরীহ মানুষের প্রাণহানি আমরা সহ্য করতে পারি না।" তিনি বলেন, "এ সমস্ত হুমকি মোকাবেলায় আমরা সর্বশক্তি কাজে লাগাব। শুধু সামরিকই নয়, কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকেও কাজে লাগাব আমরা। আর এটি কেবল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নয় বরং বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধির অগ্রযাত্রা নিশ্চিত করতেই তা করা হবে।" ভারতের মুম্বাইয়ে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ওবামা দক্ষিণ এশিয়াকে সবচেয়ে উদ্বেগজনক স্থান হিসাবে চিহ্নিত করেন। তিনি বলেন, "আফগানিস্তান পরিস্থিতির অবনতি হচ্ছে। আর সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং সেখানে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের জনগণের জন্য সবচেয়ে বড় হুমকি।" তিনি আরও বলেন, "আমরা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনসহ মার্কিনিদের আঘাত হানতে ইচ্ছুক অন্য যে কোনও চরমপন্থী দলকে পরাজিত করার ওপরই জোর দেব এবং আমাদের সম্পদ কাজে লাগাব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৮ ঘ.