২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ক্ষমতাসীন দল নিষিদ্ধ

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতের ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) মঙ্গলবার নিষিদ্ধ করেছে সাংবিধানিক আদালত। সেইসঙ্গে ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে সোমচাইসহ দলটির শীর্ষ নেতাদের। গত বছর ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পিপিপি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দিল। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 06:13 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ব্যাংকক, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতের ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) মঙ্গলবার নিষিদ্ধ করেছে সাংবিধানিক আদালত। সেইসঙ্গে ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে সোমচাইসহ দলটির শীর্ষ নেতাদের। গত বছর ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পিপিপি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দিল। এতে করে সোমচাইয়ের সমর্থক এবং বিমানবন্দর দখল করে রাখা সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঝুঁকি আরও বাড়ল। তবে আদালতের এ রায়ে থাইল্যান্ডে মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। কারণ, পিপিপি'র এমপিরা ইতোমধ্যেই সাজানো নতুন পার্টিতে যোগ দিচ্ছেন। পার্টির সদস্যরা আগামী মাসেই আরেকটি সরকার গঠনের অঙ্গীকার করেছে। পিপিপি'র পার্লামেন্ট সদস্য জাতুপর্ন প্রোমপান রয়টার্সকে বলেছেন, "আমরা সবাই নতুন দল 'পুয়ে থাই' এ যোগ দেব এবং ৮ ডিসেম্বরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা নেব।" সাংবিধানিক আদালত মঙ্গলবার প্রধানমন্ত্রী সোমচাইয়ের ছয়দলীয় কোয়ালিশনের অন্য আরও দুটি দল ও নেতাদের নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে নির্বাচনে জালিয়াতির দায়ে সোমচাইয়ের পদত্যাগেরও রায় দিয়েছে আদালত। বিবিসি একথা জানিয়েছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডে সহিংসতা, সংঘর্ষ বেড়ে যাওয়াটাই এ মূহুর্তে সবচে বড় উদ্বেগ। সরকার বিরোধী জোট পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি)'র বিক্ষোভকারীরা সোমচাইকে উৎখাতের চেষ্টায় বিমানবন্দর অবরোধ করেছে। তাদের অভিযোগ, সোমচাই সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল। ২০০৬ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়ার পর থাকসিন এখন নির্বাসনে। ওদিকে, পিএডি'র চলমান বিক্ষোভের মধ্যে একের পর এক গ্রেনেড হামলা চলছে। ডন মুয়াঙ বিমানবন্দরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর মঙ্গলবারও গ্রেনেড হামলায় এক বিক্ষোভকারী নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছে। জরুরি সেবাদানকারী কর্মকর্তারা একথা জানিয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলেও জানায়, ডন মুয়াঙ বিমানবন্দরে অবস্থানরত 'পিপলস অ্যালিয়েন্স ফর ডেমোক্র্যাসি' (পিএডি) এর বিক্ষোভকারীদের ওপর গ্রেনেড হামলা হয়েছে। পিএডি'র বিক্ষোভকারীরা গত এক সপ্তাহ ধরে থাইল্যান্ডের প্রধান বিমানবন্দর সূবর্ণভূমি ও ডন মুয়াঙ অবরোধ করে রেখেছে। থাই টেলিভিশন 'চ্যালেন সেভেন' জানায়, পাশ্ববর্তী একটি ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত গ্রেনেড বিমানবন্দরের একটি টার্মিনালের জানালায় আঘাত হানে। ছিটকে আসা গোলায় হতাহতের ঘটনা ঘটে। 'দ্য ব্যাংকক পোস্ট' পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখেছে, "এখন সহিংসতা এড়ানো যাবে না বলেই মনে হচ্ছে। অনেকে এখন দেশে গৃহযুদ্ধেরও আশঙ্কা করছেন। যা গত ৭০০ বছরেও অচিন্তনীয় ব্যাপার ছিল।" থাইল্যান্ডে এখন কার্যকর সরকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে ব্যাংকক পোস্ট। বিশেষ করে সাংবিধানিক আদালতের ওই রায়ের পর এ প্রশ্ন আরও বেশি করে সামনে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫০ ঘ.