শিকাগো, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামা সোমবার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পদে তার সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের নাম ঘোষণা করেছেন।
স্থানীয় সময় সোমবার সকালে ওবামা তার শিকাগোর অর্ন্তবর্তীকালীন দপ্তরে এই ঘোষণা দেন। এর ফলে হিলারির পররাষ্ট্রমন্ত্রীর পদ গ্রহণের বিষয়টি নিয়ে গত দুই সপ্তাহ ধরে যে গুঞ্জন চলছিল তার অবসান হলো।
একই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রীর পদে থেকে যাওয়ার জন্য রবার্ট গেটসকে অনুরোধ জানিয়েছেন ওবামা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডেমোক্র্যাট দলের প্রার্থিতা নিশ্চিত করতে প্রচারণার সময় যে তিক্ততার সৃষ্টি হয়েছিল তা অবসানের লক্ষ্যেই প্রতিদ্বন্দ্বী হিলারিকে পররাষ্ট্রমন্ত্রীর পদে বসালেন ওবামা।
ওবামা সরকারে হিলারির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে গত কয়েক সপ্তাহ ধরে তৎপর ছিলেন ওবামা ও হিলারির প্রতিনিধিরা এবং বেশ কয়েক দিন আগেই তারা সব ঠিকঠাকও করে ফেলেছিলেন। তারপরও ঘোষণাটি আসতে দেরি হচ্ছিল মূলত হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কারণে। ক্লিনটন তার দাতব্যসহ নানা ধরনের কাজ নিয়ে দেশের বাইরে ব্যস্ত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় নিরাপত্তা টিমের কর্তৃত্ব থাকবে হিলারির হাতে। এর মধ্যে অন্তর্ভূক্ত থাকবে রবার্ট গেটসের নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়, জ্যানেট নাপোলিটানোর নেতৃত্বে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল জেমস জোনস, অ্যাটর্নি জেনারেল এরিক হোলডার ও জাতিসংঘে নিযুক্ত দূত সুজান রাইস। সোমবারের অনুষ্ঠানে ওবামা এদের সকলের নাম ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধে লিপ্ত এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকির সম্মুখিন এমন এক সময়ে জাতীয় নিরাপত্তা দলটিতে হিলারি ক্লিনটন একটি কেন্দ্রীয় ভূমিা রাখবেন বলে আশা করা হচ্ছে।
ওবামা ও তার সহযোগীরা জাতীয় নিরাপত্তা টিমের পরিচয় ঘোষণা করতে চেয়েছিলেন 'থ্যাঙ্কস গিভিং হলিডে'র (২৭ নভেম্বর) পরপরই। তবে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা তাতে বাড়তি গুরুত্ব যোগ করে। ছয় মার্কিনিসহ প্রায় দুইশ' মানুষের প্রাণ কেড়ে নেওয়া এ হামলার ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে যে, ওবামা অর্থনীতিকে পথে ফিরিয়ে আনার দিকে যতই মন দেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি যে কোনো সময়ই দেশের প্রেসিডেন্টকে সচকিত করে তুলতে পারে।
জাতীয় নিরাপত্তা টিমের ব্যাপারে ওবামার পছন্দ সিনেটর জন ওয়ার্নারসহ ওয়াশিংটনের অনেক হোমরা-চোমরার প্রশংসা কুড়িয়েছে। আর্মড সার্ভিসেস কমিটির সাবেক চেয়ারম্যান ওয়ার্নার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, "জাতীয় নিরাপত্তা টিমে গেটস, ক্লিনটন ও জোনসের এই ত্রয়ীর সংযোজন দেশে ও বিদেশে বিপুল আস্থার জন্ম দেবে।"
তিনি আরও বলেন, "এটি দেশের নিরাপত্তা নীতি বাস্তবায়নে যোগ্যতম ব্যক্তিকে বাছাইয়ের ক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্টের সাহস ও সুবিবেচনার যে প্রশংসা করা হয় তা আরও জোরদার হবে।"
জাতীয় নিরাপত্তা টিমের এই গঠন সব মহলের প্রশংসা কুড়ালেও কোনো কোনো সমালোচক বলেছেন, এর মধ্যে নির্বাচনী প্রচারণার সময় ওবামা যে পরিবর্তনের প্রতিশ্র"তি দিয়েছেন তার চেয়ে অভিজ্ঞতার প্রতি জোর দেওয়ার বিষয়টি বেশি প্রতিফলিত হয়েছে। ওবামার শীর্ষ বাছাইদের সবাই হয় ক্লিনটন না হয় বুশ প্রশাসনে কাজ করেছেন।
এই সমালোচনার জবাব দেওয়ার জন্য ওবামা গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি অভিজ্ঞতার সঙ্গে নতুন চিন্তা-ভাবনার সমন্বয় ঘটাতে চান। ওবামা আরও বলেন, পরিবর্তনের বারতা তিনিই দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসকে/ ২৩৩৫ ঘ.
bdnews24