কলোম্বো, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দীর্ঘ ১৮ বছর পর তামিল টাইগারদের নিয়ন্ত্রণাধীন কোকাভিল শহর দখলে নেওয়ার দাবি করেছে শ্রীলঙ্কার সেনারা। টাইগারদের সদরদপ্তর কিলিনোচ্চি অভিমুখে অভিযানকালে শহরটি দখলের এ দাবি সোমবার জানিয়েছে সেনাবাহিনী।
কিলিনোচ্চি অভিমুখী সড়কে তুমুল লড়াইয়ের পর রোববার কোকাভিল দখল করে সেনারা। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা জানান, "এ৯ মহাসড়ক বরাবর অবস্থিত কোকাভিল শহর আমরা দখল করে নিয়েছি।"
লড়াইয়ে হতাহতের ঘটনা সম্পর্কে মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি। কোকাভিলের অবস্থান কিলিনোচ্চির ২০ কিলোমিটার দক্ষিণে।
এ ব্যপারে মন্তব্যের জন্য 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিটিই)'র কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শ্রীলঙ্কা সেনাদের কোকাভিল দখলের দাবিও নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
সেনারা সেপ্টেম্বর থেকেই কিলিনোচ্চি দখলের জন্য অগ্রসর হচ্ছে। গত সপ্তাহে সেনাবাহিনী জানিয়েছিল, তারা তিনদিক থেকে অগ্রসর হচ্ছে এবং কিলিনোচ্চির পতন আসন্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ ঘ.
bdnews24