২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ জঙ্গির গুলিতে আহত কমান্ডোর বিভীষিকাময় স্মৃতি

এক-এক দলে দুজন করে ভারতের কমান্ডোরা তল্লাশি চালিয়ে তাজ হোটেলের তিনটি তলা সুরক্ষিত করার পর একটি কক্ষের সামনে থমকে দাঁড়ান। ভেতর থেকে বন্ধ। লাথি মেরে দরজা ভেঙে ভেতরে গ্রেনেড চার্জ করে কমান্ডোরা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে মুহুর্মুহু গুলি। কমান্ডোদের পাল্টা গুলি। এক পর্যায়ে পায়ে গুলি লাগলে লুটিয়ে পড়েন কমান্ডো সুনীল কুমার যাদব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মুম্বাই, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) এক-এক দলে দুজন করে ভারতের কমান্ডোরা তল্লাশি চালিয়ে তাজ হোটেলের তিনটি তলা সুরক্ষিত করার পর একটি কক্ষের সামনে থমকে দাঁড়ান। ভেতর থেকে বন্ধ। লাথি মেরে দরজা ভেঙে ভেতরে গ্রেনেড চার্জ করে কমান্ডোরা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে মুহুর্মুহু গুলি। কমান্ডোদের পাল্টা গুলি। এক পর্যায়ে পায়ে গুলি লাগলে লুটিয়ে পড়েন কমান্ডো সুনীল কুমার যাদব। শশ্র"মণ্ডিত ২৯ বছর বয়সী ব্ল্যাক ক্যাট কমান্ডো যাদব হাসপাতালের শয্যায় শুয়ে সাংবাদিকদের কাছে বর্ণনা করেন তাজ হোটেলে তার ৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের কাহিনী। গুলি খেয়ে পড়ে গেলে তাকে টেনে নিরাপদ জায়গায় সরিয়ে নেন মেজর সন্দীপ উনিকৃষ্ণান। পরে ওই ভয়ঙ্গর জঙ্গির মুহুর্মুহু গুলিতে নিহত হন এই মেজর। লড়াইয়ে ভারতীয় বাহিনীর একমাত্র মৃত্যু এটি। যাদব বলেন, "কক্ষটি ছিল ভেতর থেকে বন্ধ। মূল চাবি দিয়েও দরজা না খুললে আমরা লাথি মেরে দরজা ভেঙে ভেতরে গ্রেনেড ছুঁড়ে দিই। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় কক্ষটি।" ভেতর থেকে অসংখ্য গুলি ছুটে আসে। যাদব ভয়ঙ্কর মুহূর্তগুলো স্মরণ করে বলেন, "ভেতরে মাত্র একজন জঙ্গি। ফর্সা, লম্বা। ২০-২৫ বছরের মতো বয়স। আমি এমপি মেশিন পিস্তল থেকে গুলি করতে থাকি। তার হাতে ছিল একে-ফরটি সেভেন রাইফেল। গায়ে গ্রেনেডভর্তি জ্যাকেট।" "বিস্ফোরিত গ্রেনেডের আগুনে তাকে পুড়ে যেতেও দেখি আমরা। একপর্যায়ে আমার পায়ে গুলি লাগে।" জঙ্গিরা তাজ হোটেল দখল করে নেওয়ার ৬০ ঘণ্টা পরে শনিবার সকালের দিকে চলা ওই লড়াইয়ের একসময় কমান্ডোরা সর্বশেষ এই জঙ্গিকে মেরে ফেলতে সক্ষম হয়। যাদব বলেন, "তাজ হোটেলের অসংখ্য দরজা আর করিডোরের কারণে মনে হচ্ছিল গোলকধাঁধায় পড়ে গেছি। সন্ত্রাসী যে কোন দিক থেকে আবির্ভূত হবে বুঝতে পারছিলাম না।" "সবকিছু পুড়ে কয়লা হয়ে ছিল। গুলির কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল সব স্থান।" যাদব জানান, ছয়তলার ছাদ থেকে নিচের দিকের তলাগুলোতে নেমে আসেন কমান্ডোরা। জঙ্গিদের ছোঁড়া গুলি আর গ্রেনেডের প্রকম্পের মধ্যে প্রতিটি কক্ষ থেকে আটকে পড়াদের বের করে নিরাপদ করা এলাকায় সরিয়ে নেন। একই হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ অফিসার দীপক ডৌল বলেন, "জঙ্গিরা সুবিধাজনক স্থানে থেকে আমাদের ওপর আক্রমণ করছিল। ওপর থেকে গুলি ও গ্রেনেড ছুঁড়ে মারছিল।" "গ্রেনেডে তৃতীয় তলায় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমাদের দলটি আটকা পড়ে যায়।" ২৩ বছর বয়সী দীপক জানান, কিছুক্ষণ পর কমান্ডোদের আরেকটি দল সেখানে এলে জঙ্গিরা তাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়। এই ফাঁকে তাদের সরিয়ে নেওয়া হয়। অগ্নিদগ্ধ দীপক বলেন, "প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরে। তবে তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে মনে- মাঝপথে অভিযান ছেড়ে আসার জন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১১ ঘ.