নিউ দিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়নন রোববার পদত্যাগ করেছেন। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো একথা জানিয়েছে।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল রোববার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এরপর সরকার জানিয়েছে, পাতিলের জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বর্তমান অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ।
সরকারি বিবৃতিতে বলা হয়, "প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট প্রতিভা পাতিল স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে পি চিদাম্বারমকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।"
এদিকে, 'টাইমস অব ইন্ডিয়া' জানিয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ননের পদত্যাগপত্র গ্রহণ করেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নারায়নন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
এছাড়া, মুম্বাই হামলার জের ধরে সরকারের আরও অনেক উচ্চ-পর্যায়ের কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে প্রধানমন্ত্রীর এক সহযোগী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৮৩৫ ঘ.
bdnews24