২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের '৯/১১' হামলার ঘটনায় শোক, জনরোষ

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে তুলনা করে মুম্বাই হামলাকে ভারতের জন্য ৯/১১ আখ্যা দিয়েছে পত্রপত্রিকাগুলো। আচমকা এই হামলায় প্রায় ২০০ মানুষের মৃত্যুতে শোকাহত, ক্ষুব্ধ ভারতের জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মুম্বাই, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে তুলনা করে মুম্বাই হামলাকে ভারতের জন্য ৯/১১ আখ্যা দিয়েছে পত্রপত্রিকাগুলো। আচমকা এই হামলায় প্রায় ২০০ মানুষের মৃত্যুতে শোকাহত, ক্ষুব্ধ ভারতের জনগণ। তিনদিনের লড়াইয়ের পর তাজমহল হোটেলের ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা স্লোগান দিচ্ছে 'আমাদের সেনারা এলো, পাকিস্তান পালালো' বলে। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দেশের রাজনীতিবিদদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয়রা। ক্ষমতাসীন দল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি'র বিরুদ্ধে লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। মুম্বাইয়ের অধিবাসী কলামিস্ট শোভা দে এক কথিকা অনুষ্ঠানে বলেছেন, "পুরো ব্যবস্থার জন্য এরাই দায়ী।" অন্যদিকে, নিহতদের শোকার্ত আত্মীয়স্বজনরা ভিড় করেছে মুম্বাইয়ের হাসপাতাল মর্গে। তাজ হোটেলে নিহত সাংবাদিক সাবিনা সাইকিয়ার এক আত্মীয়র উক্তি, "তিনদিন ধরে আমাদের বোন সম্পর্কে বিভিন্ন খবর শুনেছি আমরা। কিন্তু আজ তাকে দেখলাম। তার মুখমণ্ডল উড়ে গেছে।" নিহতদের স্মরণে মুম্বাইয়ে শনিবার থেকেই অনেকে মোম জ্বালাচ্ছে। রোববার নিহতদের জন্য শোক পালন করতে কালো পোশাক পরার বার্তা ছড়ানো হচ্ছে গোটা মুম্বাই জুড়ে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সেনা-পুলিশ মিলিয়ে অন্ততপক্ষে ২০ জনের মৃত্যুতে ভারতজুড়ে শোক করছে হাজার হাজার মানুষ। মহারাষ্ট্রের পুলিশ প্রধান এএন রায় সাংবাদিকদের বলেন, "আজ নিহতদের জন্য শোক করার দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/৫০১৬