হাভানা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ওই অঞ্চলে সফরে গিয়ে শুক্রবার কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
দক্ষিণ আমেরিকা সফরের শেষ পর্যায়ে ভেনেজুয়েলা থেকে কিউবায় পৌঁছান মেদভেদেভ। ভেনেজুয়েলায় তিনি দেশটির মার্কিনবিরোধী প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে যৌথ একটি নৌমহড়া উদ্বোধন করেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং জর্জিয়ায় রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সস্পর্কের চরম টানাপোড়েন চলছে। এ অবস্থায় ভেনেজুয়েলার সঙ্গে এই যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে।
ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে মেদভেদেভের সাক্ষাতের কোনো ছবি বা ভিডিও চিত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার মধ্যে এক ঘন্টার বেশি সময় আলোচনা হয়েছে।
শুক্রবার কিউবার একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে ফিদেল ক্যাস্ত্রো বলেন, "আমাদের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি আমি আমাদের শান্তিপূর্ণ এবং সহিষ্ণু অবস্থান তুলে ধরেছি।"
তিনি আরও লিখেছেন, "আমাদের এই অবস্থান রাশিয়ার চেয়ে ভালভাবে আর কোনো দেশ বুঝতে পারবে না। কেননা তারাও শান্তির বিপক্ষের সেই শত্র"র দ্বারা বরাবর হুমকির মুখে আছে।"
চীন, রাশিয়া এবং ভেনেজুয়েলাকে কিউবার বাণিজ্যের তিন খুটি হিসেবে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৪৩ ঘ.
bdnews24