মুম্বাই, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই শহর জঙ্গিদের কবল থেকে মুক্ত ঘোষণা করেছে ভারতীয় পুলিশ। হামলার তিনদিন পর শনিবার সকালে কমান্ডোরা তাজ হোটেলে শেষ জঙ্গিটিকে হত্যার মাধ্যমে এর নিয়ন্ত্রণ নিলে শেষ হয় রক্তাক্ত অধ্যায়ের। জঙ্গিদের হামলা-হত্যা ও লড়াইয়ে সর্বশেষ হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১৯৫।
পুলিশ জানায়, হামলার চালানোর জন্য মুম্বাইয়ে এসেছিল ১০ সন্ত্রাসী। এদের মধ্যে ৯ জন নিহত ও একজন গ্রেপ্তার হয়েছে।
মুম্বাইয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ১৯৫। আহত হয়েছে ২৯৫ জন।
জঙ্গিরা গত বুধবার রাতে মুম্বাইয়ের বিখ্যাত তাজমহল ও ওবেরয়-ট্রাইডেন্ট হোটেলসহ ১০টি স্থাপনায় একযোগে হামলা চালায়।
শনিবার সকালে সর্বশেষ লড়াই হয় তাজমহল হোটেল। ভোরে তাজমহল হোটেলে গুলি ও বিস্ফোরণের কিছুক্ষণ পর মুম্বাইয়ের পুলিশ প্রধান হাসান গফুর রয়টার্সকে বলেন, "তাজ হেটেল আমাদের নিয়ন্ত্রণে। অভিযান শেষ হয়েছে। সব সন্ত্রাসী নিহত হয়েছে।"
"মুম্বাইয়ে এসেছিল ১০ সন্ত্রাসী। এদের মধ্যে ৯ জনকে হত্যা এবং একজনকে জীবিত ধরতে করতে সক্ষম হয়েছি।"
১০৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী হোটেলটির বাইরে ভিড় করা সাংবাদিকদের ভারতের কমোন্ডো প্রধান জ্যোতি কৃষ্ণ দত্ত জানিয়েছেন, তাজ হোটেলের বিভিন্ন কক্ষ, হল ও করিডোর জুড়ে জঙ্গি ও কমান্ডোদের মধ্যে ক্রমাগত লড়াই হয়েছে। হোটেলে অবস্থান নেওয়া সর্বশেষ ৩ জঙ্গিকে হত্যার মাধ্যমে লড়াই শেষ হয়েছে। এ অভিযানে এক সেনাও নিহত হয়েছে।
তিনি জানান, আর কোন জঙ্গি বেঁচে নেই। এ সত্ত্বেও তার সেনারা হোটেলটির সব কক্ষে তল্লাশি চালাচ্ছে।
ব্লাক ক্যাট নামে ভারতের সবচেয়ে প্রশিক্ষিত কমান্ডো বাহিনীর সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে শনিবার সকালে জঙ্গিরা তাজ হোটেলের এক অংশে আগুন ধরিয়ে দেয়। অভিযান শেষ হওয়ায় অনুসন্ধানী কুকুর নিয়ে হোটেলটির কক্ষগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। অস্ত্রোপচারের সময় লাগানো মুখোশ পরে কর্মীরা লাশ সরিয়ে নেওয়া শুরু করেছে। অনেক কমান্ডো অবসন্ন চেহারায় গাড়িতে করে ব্যারাকে ফিরে যেতে শুরু করেছে।
আটকা পড়া অতিথিরা উদ্ধার পাওয়ার পর অনেকে পরিস্থিতির লোমহর্ষক বর্ণনা দিচ্ছেন। প্যাট্রিসিয়া নামে এক আমেরিকান নারী ভারতের এনডিটিভি চ্যানেলকে বলেন, "রক্ত, চারদিকে শুধু রক্ত।" বলতে গিয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে।
অভিযান শেষের পর হোটেলটির মালিকানা প্রতিষ্ঠান টাটা গ্র"পের চেয়ারম্যান রতন টাটা হোটেলটির প্রাঙ্গণে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এজে/এমএইচবি/১৮৩৭ ঘ.
bdnews24