ওয়াশিংটন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। একইসঙ্গে ভারতীয় কর্তৃপক্ষকে সাহায্যের প্রস্তাবও দিয়েছে অনেকে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বুধবার মধ্যরাতের ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০১ জন নিহত হয়েছে।
প্রতিবেশী পাকিস্তান তাদের সন্ত্রাস-বিরোধী অবস্থান পুর্নব্যক্ত করে মুম্বাই হামলার নিন্দা জানিয়েছে বৃহস্পতিবার।
এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে, "প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মুম্বাইয়ের সহিংস ঘটনার নিন্দা জানিয়ে অমূল্য প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন।"
যুক্তরাষ্ট্রের বিদয়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা মুম্বাই হামলার নিন্দা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
হোয়াইট হাউস বুধবারই এক বিবৃতিতে বলেছে, "মুম্বাইর হামলায় হতাহত নিরীহ লোকদের পরিবার ও ভারতের জনগণের প্রতি প্রেসিডেন্ট বুশ সমবেদনা জানাচ্ছেন।"
একইদিন জাতীয় নিরাপত্তা নিয়ে ওবামার মুখপাত্র ব্র"ক এন্ডারসন এক বিবৃতিতে বলেন, "নবনির্বাচিত প্রেসিডেন্ট ওবামা মুম্বাইয়ে আজকের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।"
নিরীহ লোকদের ওপর ওই সমন্বিত হামলা সন্ত্রাসবাদের ভয়াবহ হুমকির নিদর্শন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, "সন্ত্রাসী নেটওয়ার্ক সমূলে বিনাশ করতে ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র।"
ভেনেজুয়েলা সফররত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভ বলেন, "আমরা প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে পুরো আন্তর্জাতিক পরিমণ্ডল এবং মানবতার জন্য চ্যালেঞ্জ মনে করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২৪৭ ঘ.
bdnews24