২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামা বিতর্কে ইইউ'র সঙ্গে বৈঠক বাতিল করছে চীন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের পরিকল্পনায় ক্ষুব্ধ চীন আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে তাদের নির্ধারিত বৈঠক বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ব্রাসেলস, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের পরিকল্পনায় ক্ষুব্ধ চীন আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে তাদের নির্ধারিত বৈঠক বাতিল করেছে। প্যারিসে ফ্রান্স সরকারের এক মুখপাত্র বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, বেইজিংয়ের অসন্তোষের পরও ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি পোল্যান্ডে দালাই লামার সঙ্গে দেখা করবেন। নোবেল বিজয়ীদের সঙ্গে দেখা করার কর্মসূচির অংশ হিসেবেই দালাই লামার সঙ্গে সারকোজির দেখা হচ্ছে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্টের দায়িত্বে আছেন নিকোলাস সারকোজি। মুখপাত্র লুখ চ্যাতেল সাংবাদিকদের বলেন, "কার সঙ্গে প্রেসিডেন্ট দেখা করবেন আর কার সঙ্গে করবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে।" তবে এক বিবৃতিতে ২৭ জাতির সংগঠন ইইউ জানিয়েছে, চীনের সিদ্ধান্তে তারা মর্মাহত। এরপরও তারা বেইজিংয়ের সঙ্গে একযোগে কাজ করে যাবে। বিবৃতিতে বলা হয়, "বিশ্বজুড়ে আর্থিক সংকটের এ সময়ে ইউরোপ চীনের সঙ্গে আরও কাছাকাছি থেকে কাজ করে যাবে।" তবে এ বিষয়ে চীনা পরারাষ্ট্র মন্ত্রণালয় বা প্যারিসে চীনা দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগে চলতি মাসের প্রথম দিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, ফরাসি প্রেসিডেন্ট দালাই লামার সঙ্গে দেখা করলে বেইজিংয়ের সঙ্গে তাদের বহুকষ্টে অর্জিত সাফল্য নষ্ট হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসএনডি/২২১৫ ঘ.