২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে প্রেসিডেন্ট অ্যারোয়োকে অভিশংসনের চেষ্টা ব্যর্থ

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োকে অভিশংসনের জন্য আনীত অভিযোগ বুধবার নাকচ করে দিয়েছে পার্লামেন্টের একটি কমিটি। এর মধ্য দিয়ে অ্যারোয়োকে সরানোর সর্বশেষ প্রচেষ্টাও কার্যত ব্যর্থ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ম্যানিলা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োকে অভিশংসনের জন্য আনীত অভিযোগ বুধবার নাকচ করে দিয়েছে পার্লামেন্টের একটি কমিটি। এর মধ্য দিয়ে অ্যারোয়োকে সরানোর সর্বশেষ প্রচেষ্টাও কার্যত ব্যর্থ হল। কংগ্রেসে নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের 'জাস্টিস কমিটি'তে অভিযোগটি পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে ৪২-৮ ভোটে নাকচ হয়ে গেছে। তারপরও অভিযোগটি আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে তোলা হবে। কিন্তু ২৩৮ আসনের প্রতিনিধি পরিষদে অ্যারোয়ো সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটা প্রায় নিশ্চিত যে সেখানেও জাস্টিস কমিটির রায় বহাল থাকবে। তবে বিরোধী রাজনীতিবিদদের আশা, প্রতিনিধি পরিষদের ভোটে অভিযোগটি গৃহীত হতে পারে। জাস্টিস কমিটিতে শুনানির সময় অ্যারোয়োর স্বামীর ৩২৯ মিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ করেন বিরোধী নেতা জোসে দ্য ভেনেসিয়া জুনিয়র। তিনি বলেন, "সাময়িকভাবে লড়াইয়ে হেরে গেছি। কিন্তু লড়াই অব্যাহত রাখব। পরবর্তী লড়াই হবে আগামী ২ এবং ৩ ডিসেম্বর। তখন অভিযোগটি প্রতিনিধি পরিষদে তোলা হবে।" ভেনেসিয়া জানান, দুই বছর আগে দুর্নীতির মাধ্যমে একটি কাজ পেয়েছিল চীনের জেডটিই কর্পোরেশন। এর সঙ্গে জড়িত ছিলেন অ্যারোয়োর স্বামী। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে অ্যারোয়ো দাবি করেছেন, তার পরিবারে কোনো সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত নয়। ভেনেসিয়া আরও অভিযোগ করেন, আগেরবার অভিশংসনের অভিযোগ থেকে রেহাই পেতে অ্যারোয়ো নিজে সাংসদ এবং সরকারি কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। গত তিন বছরে একইভাবে তিনটি অভিশংসন অভিযোগ থেকে রেহাই পেয়ে গেছেন অ্যারোয়ো। ফিলিপাইনের আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে অভিশংসনে পরবর্তী অভিযোগ আনতে হলে আরও এক বছর অপেক্ষা করতে হবে। বিশ্লেষকরা বলছেন, অ্যারোয়ো তার মেয়াদ শেষ করে ক্ষমতা ছাড়তে পারবেন। ২০১০ সালে তার মেয়াদ শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৫ ঘ.