২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগারদের সদরদপ্তরের পতন আসন্ন

শ্রীলংকার সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা খুব শিগগির তামিল গেরিলাদের সদরদপ্তর দখল করে নেবে এবং বিদ্রোহিদের গুরুত্বপূর্ণ ওই শহরটির উপকণ্ঠে তারা পৌঁছে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

কলোম্বো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা খুব শিগগির তামিল গেরিলাদের সদরদপ্তর দখল করে নেবে এবং বিদ্রোহিদের গুরুত্বপূর্ণ ওই শহরটির উপকণ্ঠে তারা পৌঁছে গেছে। ১৯৯৩ সালের পর শ্রীলংকা সরকার প্রথমবারের মতো গোটা পশ্চিম উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গত দুই সপ্তাহে 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) এর স্বঘোষিত রাজধানী কিলিনোচ্ছি দখলের লড়াই জোরদার হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেহিলিয়া রামবুকাওয়ালে বলেন, "কিলিনোচ্ছির পতন আসন্ন। সেনারা কিলিনোচ্ছির উপকণ্ঠে পৌঁছে গেছে। তাদের ক্ষমতা আরও সুসংহত হচ্ছে।" তবে সেনাবাহিনীর এই দাবি সম্পর্কে মন্তব্য জানার জন্য বিদ্রোহিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এক্ষেত্রে নিরপেক্ষ কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। কেননা সেনাবাহিনী এবং বিদ্রেহী উভয় সেখানে গণমাধ্যমকে ঢুকতে দিচেছ না। সেনারা এখন কিলিনোচ্ছি থেকে কত দূরে আছে সে সম্পর্কে পরিস্কার করে কিছু বলতে অস্বীকার করেন রামবুকাওয়ালে। তবে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদায়া নানায়াক্কারা জানিয়েছেন, বুধবারও সেখানে যুদ্ধ চলছে। শ্রীলংকার উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে জাতিগত তামিলদের নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১৯৮৩ সালে সশস্ত্র সংগ্রাম করে আসছে 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' বা এলটিটিই। তখন থেকে দেশটিতে সহিংসতায় প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩৪ ঘ.