ওয়াশিংটন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা প্রতিরক্ষামন্ত্রী পদে রবার্ট গেটসকেই বহাল রাখবেন বলে কয়েকটি সূত্র মঙ্গলবার জানিয়েছে। ওবামা অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস জোনসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন বলেও খবর প্রকাশ হয়েছে।
পলিটিকো নামের একটি নিউজ ওয়েবসাইট জানায়, গেটস ওবামার ডেমোক্র্যাট প্রশাসনেও প্রতিরক্ষামন্ত্রী পদে দায়িত্বপালন করতে রাজি হয়েছেন। ওবামার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেতে পারেন জোনস।
ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান- উভয় দলের কর্মকর্তাদের উদ্ধৃত করে পলিটিকো জানায়, ওবামা আগামী সপ্তাহের শুরুতেই তাদের নাম ঘোষণা করবেন। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারি ক্লিনটনের নামও ঘোষণা করবেন ওবামা।
এবিসি ও ফক্সসহ আরও কয়েকটি গণমাধ্যমও গেটসের প্রতিরক্ষামন্ত্রী পদে থেকে যাওয়ার খবর জানিয়েছে। অবশ্য কয়েক সপ্তাহ ধরেই তার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মহলে।
একটি সূত্র জানিয়েছে, অন্তত এক বছরের জন্য হলেও ওবামার প্রশাসনে প্রতিরক্ষান্ত্রী থাকবেন গেটস।
সিআইয়ের সাবেক পরিচালক গেটসকে ২০০৬ সালে প্রতিরক্ষামন্ত্রী করেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ৬৫ বছর বয়সী গেটসকে বুশ প্রশাসনের নেতাদের মধ্যে অন্যতম আস্থাভাজন হিসেবে বিবেচনা করেন অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২৬ ঘ.
bdnews24