কাবুল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তানে গণতান্ত্রিক সরকারের ক্ষমতা গ্রহণ আঞ্চলিক সহযোগিতায় আশা সঞ্চার করেছে। এতে করে তালেবান ও আল-কায়েদা সহিংসতার অবসান হতে পারে বলে তিনি মনে করছেন।
আফগান কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগানিস্তানকে দুর্বল করে রাখতে সেখানে তালেবানদের উত্থানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গোপনে সহায়তা ও মদদ দিয়ে আসছে। এর মাধ্যমে পাকিস্তানি বাহিনী ভারত সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করতে পারছে।
তবে এই অভিযোগ সব সময় অস্বীকার করে এসেছে পাকিস্তান। কিন্তু বিশ্লেষকরা বলছেন, তালেবান জঙ্গিদের মদদ দিয়ে এসে এখন বিপদে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সারাদেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। গত দুই বছরে অনেকগুলো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে কয়েকশ' মানুষ নিহত হয়েছে।
তবে কারজাই মনে করছেন, গত সেপ্টেম্বরে পাকিস্তানে একটি গণতান্ত্রিক সরকার আসায় এবং আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পাকিস্তানের অবস্থানে পরিবর্তন আসার সুযোগ তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে এক নিবন্ধে কারজাই লিখেছেন, "পাকিস্তানে গণতান্ত্রিক পরিবর্তন আফগান ও পাকিস্তানি নাগরিক এবং সারা বিশ্বের জন্যই একটি সুসংবাদ।"
তিনি বলেন, "প্রেসিডেন্ট জারদারির অভিষেকের দিন আমি পাকিস্তান সফরে গিয়েছিলাম এবং তখনই প্রথমবারের মতো আমি ক্ষীণ আশার আলো দেখতে পাই।"
"আফগানিস্তান, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র এবং আমাদের অন্যান্য মিত্ররা সবাই মিলে যদি এক সঙ্গে কাজ করতে পারি তাহলে আজকের এই অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব বলে আমি মনে করি।" বলেন কারজাই।
নিবন্ধে তিনি আরও লিখেছেন, "এ অঞ্চলের সব দেশের সরকার চরমপন্থা প্রত্যাখ্যান করলে চরমপন্থার আর কোনো স্থান থাকবে না। তখনই সন্ত্রাসবাদ নির্মূল হবে।"
আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করলে অবনতিশীল পরিস্থিতি কাটিয়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবে বলেও কারজাই মন্তব্য করেন।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাস সৃষ্টিতে ওয়াশিংটন আন্তরিকতার সঙ্গে কাজ করলে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরও সহজ হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24