২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বন্যায় ৫৯ জনের মৃত্যু, গৃহহীন ৪৩ হাজার

ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে ৪৩ হাজারেরও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

রিও ডি জেনিরো, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে ৪৩ হাজারেরও বেশি মানুষ। এছাড়া, এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছে। টানা কয়েক দিনের বন্যায় সান্তা ক্যাটারিনা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে আটকে পড়া এবং বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে উদ্ধারে হেলিকপ্টার ও মোটরচালিত নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। সান্তা ক্যাটারিনার গভর্নর লুইস হেনরিক সিলভেয়রা সাংবাদিকদের বলেন, "রাজ্য এ যাবৎ কালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে।" রাজ্য সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, গভর্নর সিলভেয়রাকে প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় ঔষধ ও অন্যান্য সামগ্রী সরবরাহে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার জানিয়েছে, বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। বিদ্যুৎহীন অবস্থায় আছে প্রায় দেড় লাখ মানুষ। এছাড়া রাজ্যের ৬০টি শহরের মধ্যে ৮টির সঙ্গে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বন্যার কারণে বলিভিয়া থেকে ব্রাজিলে একটি গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সান্তা ক্যাটারিনা এবং প্রতিবেশী রিও গ্রান্ডে দো সুল রাজ্যে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২১ঘ.