শিকাগো, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা দেশের পর্যুদস্ত অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে আগামী বছর দায়িত্ব নেওয়ার শুরুতেই বিশাল অংকের তহবিল নিয়ে মাঠে নামার অঙ্গীকার করেছেন। অর্থনীতি পরিচালনায় মনোনীত পারিষদবর্গের নাম ঘোষণার সময় সোমবার তিনি এ পরিকল্পনার কথা জানান। তবে অর্থ জোগানের পরিমাণ কত হবে তা তিনি জানাননি।
ডেমোক্র্যাট দলের অনেকের ধারণা, দু'বছর মেয়াদে নেওয়া ওই পরিকল্পনায় তহবিলের পরিমাণ হবে শত শত কোটি ডলার। ওবামা শিকাগোর ওই অনুষ্ঠানে আবারও তার হুঁশিয়ারি স্মরণ করিয়ে দিয়েছেন: ভালো হয়ে ওঠার আগে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
অর্থনীতি উদ্ধার পরিকল্পনায় ডলারের পরিমাণ না জানানোর হতাশায় সোমবার দিনের শুরুতে শেয়ার বাজারে কিছুটা অস্থিতিশীল আচরণ করে। ২০০১ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেওয়া ধনীদের জন্য কর হ্রাসের কর্মসূচি গুটিয়ে ফেলবেন কীনা, না তা মেয়াদ অনুযায়ী ২০১০ সাল পর্যন্ত চলতে দেবেন সে ব্যাপারেও কোন ইঙ্গিত দেননি ওবামা।
ওবামা জানান, তার দল যুক্তরাষ্ট্রে ২৫ লাখ চাকরি রক্ষা বা সৃষ্টি করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। জানুয়ারির শুরুতেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ওবামা বলেন, "তহবিলটি যাতে সত্যিকার অর্থেই অর্থনীতিকে নাড়া দিতে পারে সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাচ্ছি।" পরিমাণ উল্লেখ না করে তিনি শুধু বলেন, অনেক ব্যয়বহুল হবে এই পরিকল্পনা।
"আমি চাই পরিকল্পনাটি ঠিকভাবে নেওয়া হোক। অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর মতো আকার ও পরিধি থাকুক এই তহবিলের।"
চরম অর্থসংকটে জর্জরিত যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর প্রতি কঠোর শব্দ ব্যবহার করেছেন ওবামা। কোম্পানিগুলোর পতন দেখতে চান না- এ কথা বলার পর তিনি গত সপ্তাহে কংগ্রেসের শুনানিতে স্পষ্ট কোন উদ্ধার পরিকল্পনা পেশ করতে ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর নির্বাহীদের কঠোর সমালোচনা করেন।
ওবামা বলেন, "আমি মনে করি কংগ্রেস 'করদাতাদের অর্থ পেতে হলে আপনাদের একটি পরিকল্পনা তৈরি করে আসা উচিত ছিল' বলে ঠিক কাজটিই করেছে।"
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে প্রবেশ করতে যাওয়া ওবামা তার অর্থনৈতিক দলের নাম ঘোষণা করেন। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট টিমোথি গেইটনার (৪৭) হবেন অর্থমন্ত্রী; সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রশাসনের অর্থমন্ত্রী লরেন্স সামারস (৫৩) হবেন জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক।
এরা দুজনসহ নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও সংবাদ সম্মেলনে ছিলেন। তবে কেউই কথা বলেননি।
ওবামা এছাড়াও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অর্থনীতির অধ্যাপক ক্রিস্টিনা রোমারকে তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান এবং সিনেট জুডিশিয়াল কমিটির সাবেক প্রধান কাউন্সেল, মেলোডি বার্নসকে তার ডোমেস্টিক পলিসি কাউন্সিলের প্রধান করার কথা জানান।
ওবামা বলেন, আগামী বছর দেশে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি দেখা দেবে। তার ভাষায় "এ ধরনের বড় ঘাটতি আমরা বহুদিন দেখিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩২ ঘ.
bdnews24