২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে খুব শিগগিরি ভেঙে পড়তে পারে: আনান, কার্টার

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে জিম্বাবুয়ে খুব শিগগিরি ভেঙে পড়তে পারে। সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানসহ অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিদের মতামত জানিয়ে দক্ষিণ আফ্রিকার এএনসি নেতা জ্যাকব জুমা সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জোহান্সবার্গ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে জিম্বাবুয়ে খুব শিগগিরি ভেঙে পড়তে পারে। সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানসহ অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিদের মতামত জানিয়ে দক্ষিণ আফ্রিকার এএনসি নেতা জ্যাকব জুমা সোমবার একথা বলেছেন। কফি আনান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর জুমা সাংবাদিকদের জানান, "তারা মনে করেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ। আর কয়েক মাসের মধ্যেই জিম্বাবুয়ে পরিস্থিতি বেগতিক হয়ে ভেঙে পড়তে পারে।" আনান,কার্টারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিকে গত শনিবার ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে জিম্বাবুয়ে সরকার। জিম্বাবুয়ে মানবিক সংকট মূল্যায়নে তারা দেশটিতে যেতে চেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম সোমবারের প্রতিবেদনে জানিয়েছে, জিম্বাবুয়ের শ'শ' লোক কলেরা আক্রান্ত হয়েছে। তারা চিকিৎসার জন্য দলে দলে দক্ষিণ আফ্রিকা সীমান্তে জড়ো হচ্ছে। ওদিকে, বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র এর মধ্যেকার চলমান রাজনৈতিক সংকটের কারণে জিম্বাবুয়েতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। খাবার ও পানি স্বল্পতার কারণে দেশান্তরী হয়েছে জিম্বাবুয়ের বহু নাগরিক। এতে চাপ পড়ছে আঞ্চলিক অর্থনীতিতে। জিম্বাবুয়ে সংকট মোকাবেলায় সরকার ও বিরোধীদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করতে মধ্যস্থতা করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবে এমবেকি। ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসনে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের ক্ষমতাসীন জানু পিএফ পার্টি, বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এবং এমডিসি'র একটি ছোট উপদলের সঙ্গে এমবেকির আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) নেতা জুমা বলেছেন, " জিম্বাবুয়ে সংকট এমনভাবে ঘনীভূত হচ্ছে যে জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে দেখা দিয়েছে।" তিনি আরও বলেন, পরিস্থিতি আর অপেক্ষা করে বসে থাকার পর্যায়ে নেই। তিনি বলেন, "এএনসি পরিস্থিতি মূল্যায়ন করতে জিম্বাবুয়েতে একটি প্রতিনিধি দল পাঠাবে। আমরা জনগণের স্বার্থে এ সংকটের একটি সমাধান খুঁজে বের করতে এগিয়ে আসার জন্য ক্ষমতাসীন ও বিরোধীদলের প্রতি আবেদন জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৭ ঘ.