২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা জোরদারের আহ্বান ইসরায়েলি প্রতিবেদনে

ইরানের পরমাণু প্রকল্প এবং ফিলিস্তিনে হামাসের হুমকি মোকাবেলায় ইসরায়েলের উচিৎ আগামী বছর সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা জোরদার করা। ইসরায়েল সরকারের অভ্যন্তরীণ একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জেরুজালেম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু প্রকল্প এবং ফিলিস্তিনে হামাসের হুমকি মোকাবেলায় ইসরায়েলের উচিৎ আগামী বছর সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা জোরদার করা। ইসরায়েল সরকারের অভ্যন্তরীণ একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) তৈরি এই প্রতিবেদনের আংশিক রোববার দেশটির একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এতে গোলান মালভূমি ছেড়ে দেওয়ার মতো 'চরম মূল্য' দিয়ে হলেও সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তির পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ জানানো হবে। সিরিয়া-ইসরায়েল আলোচনা এ বছর পুনরায় শুরু হয়েছিল অনানুষ্ঠানিকভাবে তুরস্কের মধ্যস্থতায়। রয়টর্সকে ওই কর্মকতা বলেন, "ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন ইংরেজি ভাষী মানুষ। তার নাম বারাক ওবামা।" তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা সফলতার মুখ দেখবে না।" সিরিয়া ফিলিস্তিনি গেরিলা দল হামাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সমর্থন দেওয়া বন্ধ করলে এর বিনিময়ে গোলান মালভূমি ছেড়ে দেওয়া ইসরায়েলের জন্য এমন বড় কিছু নয় বলে জানান ওই কর্মকর্তা। কোনো শর্তের অধীনে আলোচনায় যাবেন না বলে জানিয়ে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তিু সিরিয়া-ইসরায়েল শান্তি আলোচনায় সংশ্লিষ্ট কয়েকটি দেশ জানিয়েছে, চুক্তির খসড়া হাতে পেলে সিরিয়া কিছুটা নমনীয় হতে পারে। আর আসাদ নিজেই আলোচনায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাক, ফিলিস্তিন এবং লেবাননে অভিযুক্ত ভূমিকার জন্য আসাদকে বরাবর বয়কট করে এসেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে ওবামা ইঙ্গিত দিয়েছেন, সিরিয়া-ইসরায়েল আলোচনা তিনি সমর্থন করবেন। এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে এবং ইসরায়েলও নিরাপদ হবে বলে তিনি মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১৫ ঘ.