ধর্মশালা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা অবসরে যাওয়ার সম্ভাবনা রোববার নাকচ করেছেন। সেইসঙ্গে নির্বাসিত তিব্বতিদের সমর্থনে 'মধ্যপন্থা চীনা নীতি'ই অনুসরণ করে যাওয়ার কথা বলেছেন তিনি। তবে নতুন নীতি গ্রহণের বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে দালাই লামা আভাস দিয়েছেন।
দালাই লামার মধ্যপন্থার চীনা নীতির বিকল্প খুঁজতে ব্যর্থ হয়ে তার নীতির পক্ষেই নির্বাসিত তিব্বতিরা সমর্থন দেওয়ার একদিন পর তিনি একথা জানালেন।
চলতি বছরের প্রথম দিকে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে গুজব ছড়িয়ে পড়েছিল ৭৩ বছর বয়স্ক দালাই লামা অবসরে যেতে পারেন।
রোববার ভারতের ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে অবসরে যাওয়ার কথা নাকচ করে দালই লামা বলেন, "অবসরে যাওয়ার প্রশ্নই আসে না। মৃত্যুর আগ পর্যন্ত তিব্বতের জন্য কাজ করে যাব। এটা আমার নৈতিক দায়িত্ব।"
অহিংস পথেই সাফল্য আসবে জানিয়ে তিনি আরও বলেন, "তিব্বত ইস্যুতে সবাই মধ্যপন্থার নীতিই সমর্থন করেছে এবং এই মূহুর্তে এটাই সঠিক। তবে অনেক ভিন্ন মতও এসেছে যা আমরা এই অবস্থায় গ্রহণ করতে পারছি না।"
তিনি আরও বলেন, "আরও মাসখানেক অপেক্ষা করুন। তখন আমরা আলোচনা করব। চীন সরকারের ওপর আমার আস্থা দিনদিন কমে আসছে। তবে চীনা জনগণের ওপর আমার প্রবল আস্থা আছে।"
দালাই লামার 'মধ্যপন্থার নীতি এবং চীনের সঙ্গে তিব্বতের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনায় অগ্রগতির অভাবে হতাশ হয়ে ভারতের ধর্মশালায় নির্বাসিত শ' শ' তিব্বতি ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে গত সপ্তাহে সোমবার থেকে ছয়দিনের এক বিশেষ বৈঠকে বসে। বৈঠকে মধ্যপন্থার বিকল্প হিসেবে বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত সবাই মধ্যপন্থাই সমর্থন করে।
ধর্মশালা থেকে নির্বাসিত তিব্বত সরকারের পার্লামেন্টের স্পিকার কর্ম চোফেল গত শনিবার বলেন, "আমরা মধ্যপন্থাই অনুসরণ করে যাব এবং কিছু দিনের মধ্যে সাফল্য না এলে তখন তিব্বতের স্বাধীনতাসহ বিকল্প পন্থা বিবেচনা করা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24