২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনান ও কার্টারকে ভিসা দেয়নি জিম্বাবুয়ে

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে জিম্বাবুয়ে সরকার। জিম্বাবুয়ে মানবিক সংকট মূল্যায়নে তারা দেশটিতে যেতে চেয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জোহানেসবার্গ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে জিম্বাবুয়ে সরকার। জিম্বাবুয়ে মানবিক সংকট মূল্যায়নে তারা দেশটিতে যেতে চেয়েছিলেন। বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র এর মধ্যেকার চলমান রাজনৈতিক সংকটের ফলে জিম্বাবুয়েতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। সংকট মোকাবেলায় এবং সরকার ও বিরোধীদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতে মধ্যস্থতা করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবে এমবেকি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে কফি আনান বলেন, "আমরা আশা করছিলাম আজ সকালেই জিম্বাবুয়ের উদ্দেশে যাত্র করব। কিন্তু জিম্বাবুয়ে সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা আমাদের সহযোগিতা করবে না। এই অবস্থায় সফর বাতিল করতে হয়েছে।" সাবেক রাষ্ট্রনেতাদের নিয়ে গঠিত 'দ্যা ইল্ডার্স' নামের একটি সংগঠনের পক্ষে তারা জিম্বাবুয়ে যেতে চেয়েছিলেন। আনান ও কার্টারের সঙ্গে ছিলেন, নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাসেলসহ অন্য আরও অনেক বিখ্যাত ব্যক্তি। সংগঠনটি জানিয়েছে, থাবো এমবেকির প্রচেষ্টা সত্ত্বেও জিম্বাবুয়ে তাদের ভিসা দেবে না বলে জানিয়ে দিয়েছে। সংবাদ সম্মেলনে কার্টার বলেন, "জিম্বাবুয়ের বিতর্কিত রাজনৈতিক ইস্যুর সঙ্গে আমরা জড়াতে চাইনি এবং সে উদ্দেশ্যেও আমরা সেখানে যেতে চাই না। আমরা শুধু চাই দেশটির মানবিক সংকটে সাহায্য করতে। সে চেষ্টা আমরা করে যাব।" সংগঠনটি জানিয়েছে, জিম্বাবুয়ে এবং তার প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তাদের প্রতিনিধিরা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৫৭ ঘ.