নিউ ইয়র্ক, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে, যা মূলত বৃহৎ গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ব্যাপক দরপতনের প্রত্যক্ষ ফলাফল। চলমান আর্থিক সংকট দীর্ঘস্থায়ী হবে- বিনিয়োগকারীদের মধ্যে এই আশঙ্কায় বুধবার দিনের শেষে শেয়ারবাজারে এ অবস্থা দেখা দেয়। ওদিকে, একইদিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ২০০৯ সালে অর্থিক প্রবৃদ্ধি আরও কমবে বলে ভবিষ্যদ্বাণী করেছে।
জেনারেল মোটর কোম্পানির শেয়ার মূল্য ৬৬ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। ফোর্ড কোম্পানির কমেছে ২৬ বছরের সবচেয়ে নিচে। তবে শুধু গাড়ি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই এই দরপতন। আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারমূল্যও নেমে গেছে দুই অংকের নিচে।
নিউ ইয়র্কে ইউবিএস ব্যাংকের অন্যতম নীতিনির্ধারক ডেভিড বিনাকো বলেছেন, "বেশিরভাগ মানুষই তাদের জীবনে এরকম ধস আর প্রত্যক্ষ করেননি। পরিস্থিতি যে আরও যে কতটা খারাপ হতে পারে তা নিয়ে লোকজন বলাবলি করছে এবং বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্যে তারা কাজ করে যাচ্ছেন।"
ডাউ জোনস গড় শিল্প সূচকের পতন ঘটেছে ৫ দশমিক ০৭ শতাংশ, অর্থাৎ হারিয়েছে ৪২৭ দশমিক ৪৭ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমএইচবি/১৫২৭ ঘ.
bdnews24