ব্যাংকক, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভরত বিরোধীদলের নেতাকর্মীদের ওপর বৃহস্পতিবার ভোররাতে এক গ্রেনেড হামলায় একজন নিহত এবং কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। পুলিশ এবং বিরোধীদলের নেতারা একথা জানিয়েছে।
থাইল্যান্ডের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে গত আগস্ট থেকে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে প্রধান বিরোধীদল পিএডি (পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি)।
বিক্ষোভকারীদের ওপর বৃহস্পতিবার রাতের এ হামলা গত তিন মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, বিক্ষোভের মূল মঞ্চের কাছে একটি এম-৭৯ গ্রেনেড বিস্ফোরিত হয়েছে।
পিএডি'র মুখপাত্র আনচালি পেইরিরাক বলেন, "রাতে গভর্মেন্ট হাউসে আমাদের সমাবেশের ওপর তারা বোমা হামলা চালিয়েছে।"
পুলিশ জানিয়েছে, রাত ৩টা ২৫ মিনিটের দিকে ওই হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২০০ ঘ.
bdnews24