২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য সিরিয়ার 'ইতিবাচক' ভূমিকা চায় ব্রিটেন

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সিরিয়াকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ব্রিটেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

লন্ডন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সিরিয়াকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ব্রিটেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এই আহ্বান জানান। বাশারের সঙ্গে আলোচনাকে ইতিবাচক এবং গঠনমূলক অভিহিত করেছেন গত সাত বছরের মধ্যে সিরিয়া সফরে যাওয়া ব্রিটেনের সর্বোচ্চ নেতা মিলিব্যান্ড। তিনি জানান, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় সিরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দামেস্ক থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, বৈঠক শেষে উভয় পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে সিরিয়ার মিত্র ইরানের বিষয়ে দুই পক্ষেই মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মিলিব্যান্ড সিরিয়া থেকে লেবাননে যাবেন। এর আগে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন হয়ে এসেছেন। সেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। মিলিব্যান্ড বলেন, "মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সিরিয়া সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা চাইলে যেমন ওই অঞ্চলকে স্থিতিশীল করতে পারে তেমনি চাইলে অস্থিতিশীল করে তুলতে পারে।" বৈঠকের পরে মিলিব্যান্ড ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লিম যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন। মুয়াল্লিম গত সেপ্টেম্বর মাসে ব্রিটেন সফর করে এসেছেন। মুয়াল্লিম বলেন, পশ্চিমা বিশ্ব এবং ইরানের মধ্যে যোগাযোগ সৃষ্টিতে তার দেশ ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, "এই অঞ্চলে পরমাণু অস্ত্র বিস্তার রোধ করতে সব দেশের যথাসাধ্য ব্যবস্থা নেওয়া উচিৎ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০০ ঘ.