জোমবা, কঙ্গো, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোর নর্থ কিভু প্রদেশে রোববার নতুন করে সংঘর্ষের মধ্যেও শান্তির পথ খুঁজতে বিদ্রোহী নেতা লর্যাঁ নকুন্দার সঙ্গে আলোচনা শুরু করেছেন জাতিসংঘ দূত নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজো।
কঙ্গো সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নিয়োজিত শান্তিদূত ওবাসানজো রুয়ান্ডা এবং উগান্ডা সীমান্তের কাছাকাছি জোমবা নামক স্থানে নকুন্দার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তার আগেই জাতিসংঘের এক কর্মকর্তা এবং এক প্রত্যক্ষদর্শী গোমার ১১০ কিলোমিটার উত্তরে একটি গ্রামের কাছে প্রচণ্ড গুলিবিনিময়ের খবর জানিয়েছেন।
কিভুতে সংঘর্ষ রোধের চেষ্টায় কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন ওবাসানজো। এদিন তিনি জানান,
কঙ্গোয় সংঘাত নিরসণে তার প্রচেষ্টা ভালোভাবেই অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট জোসেফ কাবিলাও কোনো শর্ত ছাড়াই বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন।
কিনশাসায় প্রেসিডেন্ট কাবিলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওবাসানজু বলেন, "সংঘাত নিরসণে উভয়পক্ষকে রাজি করাতে এবং আলোচনার টেবিলে বসাতে আমি যথাসাধ্য চেষ্টা করছি। সবকিছুই ঠিকঠাক মতো এগুচ্ছে।"
রোববার ভারতীয় শান্তিরক্ষী পরিবেষ্টিত হয়ে ওবাসানজো হেলিকপ্টারে করে জোমবায় যান। সেখানে বিদ্রোহী নেতা নকুন্দাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি।
বিদ্রোহিদের উদ্দেশ্যে তিনি বলেন, "বিদ্রোহী নাম ঘুচিয়ে জাতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়াটাই তাদের জন্য ভালো হবে।"
কঙ্গোর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লর্যাঁ নকুন্দার নেতৃত্বাধীন টুটসি বিদ্রোহীরা কঙ্গোর সরকারি সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুটু বিদ্রোহীদের (এফডিএলআর) সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে কারণে সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
রোববার ওবাসানজোর সঙ্গে নকুন্দার বৈঠকের সময়ও নতুন করে সংঘর্ষের খবর এসেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এই সংঘর্ষের খবর নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24