ওয়াগাডুগু, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফ্যাসোর রাজধানী ওয়াগাডুগুর পশ্চিমে শনিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৯ জন মারা গেছে। বিপরীত দিকে থেকে আসা একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সরকারি কৌঁসুলি বোরোমো মেইজা কমপাওরে একথা জানিয়েছেন।
কমপাওরে এ বিষয়ে শনিবার জানান, দুর্ঘটনার সময় বাসটি কমপক্ষে ৭৫ জন যাত্রী নিয়ে প্রতিবেশী দেশ আইভরি কোস্টের বন্দর নগরী সান পেদ্রোয় যাচ্ছিল।
বাসটি ওয়াগাডুগু থেকে ২শ' কিলোমিটার পশ্চিমে ওয়াহাবু নামক স্থানে পৌঁছালে ওই দুর্ঘটনা ঘটে।
কমপাওরের বরাত দিয়ে বারকিনার সরকারি বেতার শনিবার জানায়, "রাস্তায় লাশ পড়ে আছে।"
একইদিন কমপাওরে আরও বলেন, "বিধ্বস্ত বাসের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন এবং জরুরি সেবাদান কর্মীরা করাত দিয়ে বাস কেটে তাদের বের করার চেষ্টা করছেন।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর যানবাহন দুটিতে আগুন ধরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪১৬ ঘ.
bdnews24