লস এঞ্জেলেস/সান ফ্রান্সিসকো, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান নগরী লস এঞ্জেলেসের দাবানলে প্রায় ১ হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসস্তুপের মাঝে নিজ নিজ বাড়ি খুঁজে নিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরতে শুরু করেছে হাজার হাজার মানুষ।
নিজ বাড়ি খঁজতে আসা এক ক্যালিফোর্নিয় ২৩ বছর বয়সী ব্রিটনি ফওলারের উক্তি, "প্রথম এখানে এসেই খুব কঠিন অবস্থা দেখেছি। মর্মাহত হয়েছি। আমরা সবাই কাঁদছিলাম।"
দমকা হাওয়া তাড়িত ভয়াবহ এ দাবানলের ধোঁয়ায় শনিবার দিনের বেলায়ই আঁধার নামে লস এঞ্জেলেসের আকাশে । এছাড়া, এর কারণে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরীটির বিদ্যুৎ সরবরাহও হুমকির মধ্যে পড়ে।
দাবানলের কারণে লস এঞ্জেলেসের ১০ হাজারেরও বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
দাবানলে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ২০ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে। আর পুড়ে যাওয়া ১ হাজার বাড়িঘরের মধ্যে আছে বেশ কিছু এপার্টমেন্ট, ভ্রাম্যমাণ বাড়ি এবং মালটিমিলিয়ন ডলার ম্যানসন।
লস এঞ্জেলেসের মেয়র এন্টোনিও ভিলারাইগোসা জানান, গত দশকের দাবানলের চেয়ে এ বছরের দাবানলে অধিক সংখ্যক বাড়িঘর ভষ্মীভূত হয়েছে।
সোমবার দাবানলের তীব্রতা কিছুটা কমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার থেকে লোকজনদের ক্যালিফোর্নিয়া ত্যাগের নির্দেশ তুলে নিতে শুরু করেছেন কর্মকর্তারা।
দাবানলের তীব্রতায় ক্যালিফোর্নিয়া ছেড়ে পালিয়েছিল অগণিত মানুষ। তাদের আনেকেই এখন ফিরে আসছে। তবে অগ্নিনির্বাপন কর্মীরা বলছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক দিন লাগবে।
দাবানলের কারণে এ পর্যন্ত কোনও মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাবানলের কারণে রূপান্তর স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় লস এঞ্জেলেসের বিদ্যুৎ সরবরাহের প্রধান পাঁচটি লাইনের মধ্যে দুইটিই বন্ধ রয়েছে এবং অন্য একটি লাইনও তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৫ ঘ.
bdnews24