২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার অধীনে বড় পরিবর্তনের আশা নেই ক্যাস্ত্রোর

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে দেশটির নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন না কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো। বারাক ওবামার নাম উল্লেখ না করে শুক্রবার এক লেখায় এ সন্দেহ প্রকাশ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

হাভানা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে দেশটির নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন না কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো। বারাক ওবামার নাম উল্লেখ না করে শুক্রবার এক লেখায় এ সন্দেহ প্রকাশ করেন তিনি। ইন্টারনেটে প্রকাশ হওয়া লেখাটিতে ক্যাস্ত্রো বলেন, "নেতৃত্বের পরিবর্তন ঘটলেই আগ্রাসী নীতিমালা কমে গিয়ে একটি সাম্রাজ্য বেশ সহনশীল হয়ে উঠবে বলে অনেকে স্বপ্ন দেখেন।" "বহু শতকের স্বার্থেরমাধ্যমে গড়ে ওঠা একটি দেশের নীতিমালা একজন বিচক্ষণ লোকের শুভ ইচ্ছায় বদলে যাবে-এমন বিশ্বাস করা হবে বোকামি।" যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা ৪৬ বছর ধরে কমিউনিস্ট দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করতে হাভানার সঙ্গে আলোচনায় বসার কথা বলে দু'দেশের সম্পর্কোন্নয়নের আশা জাগিয়ে তুলেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে আরও কয়েকটি লেখায় ওবামাকে "বুদ্ধিমান ও মানবতাবাদী" বলে প্রশংসা করেছেন ক্যাস্ত্রো। তবে ওবামার জয়ের পর এতদিন তিনি বা তার ভাই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো কোন মন্তব্য করেননি। ৪৯ বছর দেশ শাসনের পর বর্তমানে ৮২ বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রো শারীরিক অসুস্থতার কারণে প্রকাশ্যে আসেন না। লেখার মাধ্যমেই মূলত তিনি জনসংযোগের কাজটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৫ ঘ.