সউল, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই কোরিয়ার সম্পর্ক সম্ভবত বিপর্যয়ের দিকে যাচ্ছে- এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুই দেশ পুনরেকত্রিকরণের লক্ষ্যে এক দশক আগে নেওয়া উদ্যোগের প্রধান স্থপতি, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে-জং।
সউলের রক্ষণশীল সরকার দু'দেশের সম্পর্ককে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ করে উত্তর কোরিয়া আগামী ১ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বাকি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকা কমিউনিস্ট দেশটি সীমান্ত পথে তার প্রধান সহযোগী দেশ চীনের সঙ্গেও লোক-চলাচল সীমিত করে ফেলছে।
নিঃসঙ্গ দেশটি এভাবে নিজেকে আরও গুটিয়ে ফেলায় হতাশা ব্যক্ত করে কিম দায়ে-জং বলেন, "উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক রাস্তার মোড়ে থমকে দাঁড়িয়েছে। তা বিপর্যয় অথবা সংহতি- যে কোন দিকেই ছুটতে পারে।" দুই কোরিয়ার মধ্যে বহুদশকের শত্র"তা অবসানের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেতা হানকুন ইলবো পত্রিকাকে একথা বলেন ।
উত্তর কোরিয়ার আবার খোলসের মধ্যে ঢুকে যাওয়ার ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন দেশটির শীর্ষ নেতা কিম জং-ইল মারাত্মক অসুস্থ- সম্ভবত স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জোর গুঞ্জণ শোনা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫০২ ঘ.
bdnews24