মিরানশাহ, পাকিস্তান, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আদিবাসী এলাকায় শুক্রবার মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি রয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী একটি প্রত্যন্ত গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এলাকাটি পাকিস্তানে তালেবানের মিত্র বায়তুল্লাহ মেহসুদের শক্ত ঘাঁটি।
পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর এক কর্মকর্তা টেলিফোনে বলেন, "আমরা পাঁচ বিদেশিসহ ১২ জনের নিহত হওয়ার খবর পেয়েছি।"
মেহসুদের এক সহযোগী ও আত্মীয় এবং সরকারি সূত্রগুলো জানায়, কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
পাকিস্তান থেকে মিত্রদের সহায়তায় আফগানিস্তানে তালেবানদের তৎপরতায় বেড়ে যাওয়ায় মার্কিন বাহিনী সেপ্টেম্বরের গোড়া থেকে চালকবিহীন বিমানের মাধ্যমে পাকিস্তানের আদিবাসী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করেছে।
৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রর সেনারা পাকিস্তান ভূখণ্ডে কমান্ডো হামলাও চালায়।
পাকিস্তান তার 'সার্বভৌমত্ব লঙ্ঘনের' নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলার ফলে যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানিদের ক্ষোভ বাড়ছে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে একত্রিত করতে সরকারের প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এমন সময়ে যখন আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর কমন্ডার জেনারেল ডেভিড ম্যাককিয়েরনান ইসলামাবাদ সফর করছেন। বৃহস্পতিবার তিনি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসে পাকিস্তান পার্লামেন্টের একদল সদস্যদের উদ্দেশে জঙ্গিবাদ মোকাবেলার উপায় নিয়ে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৩৭ ঘ.
bdnews24