বাগদাদ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে বুধবার যৌথ নিরাপত্তা চৌকিতে এক ইরাকি সেনার বেপরোয়া গুলিবর্ষণে দুই মার্কিন সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানায়, ওই ইরাকি সেনা নিরাপত্তা চৌকির মার্কিন সেনাদের ওপর গুলিবর্ষণ করে। ওই নিরাপত্তা চৌকিতে ইরাকি সেনারাও কর্মরত রয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলের মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর পেগি কাগেলেইরি বলেন, "সেনারা নিরাপত্তা চৌকির উঠোনে ছিল.. এমন সময় একজন ইরাকি সেনা নিরাপত্তা চৌকিতে প্রবেশ করে এবং দুই সেনাকে গুলি করে। এদের একজন ঘটনাস্থলে নিহত হয় এবং অপরজন মারাত্মকভাবে আহত হয়। এরপর সে অন্যদের ওপর ও গুলিবর্ষণ শুরু করে।"
সেইসঙ্গে তিনি আরও জানান, "ওই সেনাকেও গুলি করে হত্যা করা হয়েছে।"
নাম না প্রকাশ না করার শর্তে দুইজন স্থানীয় পুলিশ এবং এক সেনা জানিয়েছেন, ওই যৌথ সেনা চৌকির ইরাকি ও মার্কিন সেনাদের মধ্যে বিরোধের জের হিসেবেই এ ঘটনা ঘটেছে।
তবে ওই মার্কিন মুখপাত্র এ কথা অস্বীকার করেছেন।
তিনি বলেন, "ওই সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের কোনো ধরনের বিবাদ হয়নি এবং ওই হত্যার আগে ওই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৫ ঘ.
bdnews24