২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট আটক

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ানকে মঙ্গলবার অর্থ আত্মসাৎ মামলায় জেরা করার পর হাতকড়া পরিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ৫৮ বছর বয়সী চেন তাইওয়ানের স্বাধীনতাপন্থী প্রেসিডেন্ট হিসাবেই সমধিক পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

তাইপে, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ানকে মঙ্গলবার অর্থ আত্মসাৎ মামলায় জেরা করার পর হাতকড়া পরিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ৫৮ বছর বয়সী চেন তাইওয়ানের স্বাধীনতাপন্থী প্রেসিডেন্ট হিসাবেই সমধিক পরিচিত। চেন ২০০০ সাল থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিশেষ কৌসুলির কার্যালয়ে দীর্ঘ ছয়ঘন্টার জেরা শেষে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে ওই এলাকা পাহারায় ছিল প্রায় ৩০০ পুলিশ। চেনকে একটি গাড়িতে তুলে তাইপের জেলা আদালতে নেওয়ার সময় তিনি সমবেত জনতার সামনে হাতকড়া পরানো হাত উপরে তুলে ধরেন । এর আগে মঙ্গলবার সকালের দিকে এক সংবাদ সম্মেলনে চেন তার ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে দায়েরকৃত অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। সাবেক প্রেসিডেন্ট চেনের পরিবার অন্ততপক্ষে ১ বিলিয়ন তাইওয়ানি ডলার (৩০ দশমিক ৪ মিলিয়ন ইউএস ডলার) জাপান, যুক্তরাষ্ট্র, কেইমান দ্বীপ, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের কৌসুলির কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে তাইওয়ানের পত্র-পত্রিকাগুলো একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১১ ঘ.