২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী নির্বাচনে শীর্ষ পর্যায়ের পদে দাঁড়াতে চান পেলিন

যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের গভর্নর সারাহ পেলিন সোমবার বলেছেন, সুযোগ তৈরি হলে ২০১২ সালের নির্বাচনে শীর্ষ পর্যায়ের পদে তিনি দাঁড়াতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ওয়াশিংটন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের গভর্নর সারাহ পেলিন সোমবার বলেছেন, সুযোগ তৈরি হলে ২০১২ সালের নির্বাচনে শীর্ষ পর্যায়ের পদে তিনি দাঁড়াতে পারেন। ৪৪ বছর বয়সী পেলিন ফক্স নিউজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোন পদে তিনি নির্বাচন করতে চান তার উল্লেখ না করে বলেন, " কোথায় দরজা খোলা তা আমাকে দেখান। দরজাটি একটু ভেড়ানো থাকলেও আমি তা ধাক্কা দিয়ে বের হয়ে যেতে পারব। এই চেষ্টা অপরিপক্ক হতেও পারে। কিন্তু আমি খোলা দরজা দিয়ে বের হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাই না। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিবাপলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন পেলিন। এই নির্বাচনের প্রচারণাকালেও এমন আলোচনা চলছিল যে, তিনি ২০১২ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আগামি দু'বছরের মধ্যে গভর্নর পদে পেলিনের মেয়াদ শেষ হবে। ফক্স নিউজের "অন দ্য রেকর্ড' অনুষ্ঠানে তিনি অবশ্য এও বলেন, তার পক্ষে ভবিষ্যৎ অনুমান করা সম্ভব নয়। তবে বৃহত্তর পরিসরে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি "উত্তেজনায় অভিভূত" হবেন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন গভর্নর পেলিনকে রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) করলে অনেকে বিস্মিত হন। বিতর্ক জমে উঠে পেলিনকে ঘিরে। তবে দলের রক্ষণশীলদের মধ্যে তার বেশ জনপ্রিয়তাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪১ ঘ.