কাঠমান্ডু, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রহস্যময় এক 'বুদ্ধ বালক'-কে দেখতে নেপালের দক্ষিণপূর্বাঞ্চলের একটি গ্রামে ভিড় করছেন হাজারো উৎসুক জনতা। এক বছরেরও বেশি সময় নিখোঁজ থাকার পর সম্প্র্রতি তার ফিরে আসার খবরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।
'বুদ্ধ-বালক' হিসেবে খ্যাতি লাভ করা সতের বছর বয়সী রাম বাহাদুর বামজন দুর্গম বনাঞ্চলের রতনপুরি নামের একটি গ্রামে সোমবার তাকে দেখতে আসা লোকজনের উদ্দেশ্যে কথা বলেন। গ্রামটি রাজধানী কাঠমান্ডুর ১৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। প্রকাশ সেন নামের এক স্থানীয় পুলিশ কনস্টেবল একথা জানান।
২০০৫ সালে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো আলোচনায় আসে এই বুদ্ধ বালক। সেসময় গ্রামটির এক অশ্বত্থ গাছের নিচে যোগাসনে বসে থাকা রাম বাহাদুর কোনোপ্রকার খাদ্য বা পানীয় গ্রহণ না করেই জীবনধারণ এবং ধ্যান করছেন বলে খবর ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ তাকে দেখতে আসতে শুরু করে। এ খবর নেপালের সীমানা পেরিয়ে ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে।
বিশ্বাস করা হয় রাম বাহাদুর বামজন তখন একটানা প্রায় ১০ মাস খাদ্য বা পানীয় গ্রহণ না করে সেখানে ধ্যান করেন। মানুষজন বিশ্বাস করতে শুরু করে যে, এই বালকরূপে ভগবান বুদ্ধের পুনর্জন্ম হয়েছে।
পুলিশ কনস্টেবল প্রকাশ সেন আরও জানান, বুদ্ধ বালক-কে দেখতে এবং তার কথা শুনতে দূর পার্শ্ববর্তী ভারত থেকেও মানুষজন ছুটে আসছে এবং প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়-জঙ্গলের পথ পাড়ি দিয়ে দুর্গম গ্রামটিতে জড়ো হচ্ছে।
তিনি জানান, "জঙ্গলের মধ্যে একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি ভক্তদের উদ্দেশে কথা বলেন।"
"এখন তার কাঁধ পর্যন্ত ছড়ানো চুল এবং শরীরে একটি শাদা কাপড় পরে আছেন তিনি।"
বুদ্ধ-বালক প্রসঙ্গে নিজের মত জানিয়ে তিনি বলেন, " যেহেতু হাজার হাজার মানুষ তাকে দেখতে আসছে, তাই আমি মনে করছি যে তার মধ্যে নিশ্চয়ই ভগবান বুদ্ধের কোনো গুণাগুণ আছে।"
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ প্রায় ২,৬০০ বছর আগে নেপালের উর্বর সমভূমির প্রাচীন নগর লুম্বিনি-তে জন্ম গ্রহণ করেছিলেন। বর্তমান ভারত-নেপাল সীমান্তের কাছে ভারতের বিহারের বুদ্ধ-গয়ায় তিনি বোধিপ্রাপ্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৩৩৮ ঘ.
bdnews24