লন্ডন নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনীতি চাঙ্গা করে তুলতে চীন প্রায় ছয়শ বিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দেওয়ায় বিশ্বের শেয়ার ও পণ্যবাজারে সুবাতাস বইতে শুরু করেছে। জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা তাদের অর্থনীতির গতি ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করার সুবাতাসে বেগ সৃষ্টি হয়েছে।
তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ, সোনার দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ, লন্ডন কপারের বেড়েছে ৮ শতাংশ। বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা ফিরে পাওয়ায় একদিকে সরকারি বন্ডের চাহিদা যেমন কমেছে অন্যদিকে বিশ্বের অনেক শেয়ারবাজারের সূচকও বেড়েছে।
বিএনপি পরিবাস ব্যাংকের বৈদেশিক মুদ্রাবিষয়ক কৌশল-নির্ধারক আয়ান স্টানার্ড বলেছেন, "চীনের এই তহবিল ঘোষণা এই মুহূর্তে বিশ্ব-অর্থনীতির রাশ টেনে ধরার প্রভাব ফেলছে।"
"তবে দীর্ঘমেয়াদে বিশ্ব-অর্থনীতি নিয়ে উদ্বেগের বিষয়টি থেকেই যাচ্ছে।" মন্তব্য করেন তিনি।
চীনের সরকারি সিনহুয়া বার্তা সংস্থা রোববার জানায়, সরকার চার ট্রিলিয়ন ইউয়ান (৫৮৬ বিলিয়ন ডলার) তহবিল অনুমোদন করছে যা এখন থেকে ২০০২ সালের মধ্যে প্রধানত অবকাঠামো ও সামাজিক খাতে ব্যয় করা হবে।
এই অর্থ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ চীনের এই বছরের মোট দেশজ উৎপাদনের প্রায় ১৮ শতাংশের সমান। এই খবরে বেশ কয়েকটি শেয়ার বাজারের পড়তি সূচক লাফিয়ে বেড়েছে।
দিনের শুরুতেই প্যান-ইউরোপিয়ান এফটিএসইউরোফার্স্ট-৩০০ সূচক ২ দশমিক ৯ শতাংশ বেড়ে যায়। জাপানের নিকেই সুচক ৫ দশমিক ৮ শতাংশ অর্জন নিয়ে দিন শেষ করেছে।
এমএসসিআই এর মাধ্যমে পরিমাপ করা বিশ্বের উদীয়মান শেয়ারবাজারগুলোর সূচক ৩ শতাংশ বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫২ ঘ.
bdnews24