ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদা নির্মূলে মার্কিন সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের উচ্চ পর্যায়ে একটি 'গোপন কর্তৃপক্ষ' বানিয়েছিল পেন্টাগন। ২০০৪ সাল থেকে সিরিয়া, পাকিস্তান, এবং বিশ্বের অন্যান্য স্থানে আল কায়েদা ও অন্য জঙ্গিদের ওপর কমপক্ষে ১২ টি হামলা পরিচালনার করে ওই কর্তৃপক্ষ। রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছয়জনেরও বেশি সেনা, গোয়েন্দা কর্মকর্তা এবং বুশ প্রশাসনের ঊর্ধতন নীতি নির্ধারকের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অনুমোদনে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ওই গোপন কর্তৃপক্ষ বানানোর নির্দেশে স্বাক্ষর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই নির্দেশের মাধ্যমে মার্কিন সেনাবাহিনীকে পৃথিবীর যে কোনো প্রান্তে আল কায়েদার ওপর হামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি যেসব দেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে না সেসব দেশগুলোতেও হামলা করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে ওই আদেশে।
এছাড়াও নিউ ইয়র্ক টাইমেসর ওই প্রতিবেদনে বলা হয়েছে, নির্দেশ থাকা স্বত্ত্বেও প্রতিটা অভিযানের আগে উচ্চ পর্যায়ের অনুমতি প্রয়োজন ছিল।
প্রশাসনের একজন ঊর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন, সৌদি আরব এবং পারস্য উপসাগরের অন্যান্য রাষ্ট্রসহ মোট ১৫ থেকে ২০ রাষ্ট্রে অভিযান পরিচালনা করার অনুমতি দেয়া হয় ওই নির্দেশে।
সিআই'র সাবেক এক শীর্ষ কর্মকতা সংবাদপত্রটিকে জানান, এ অভিযানগুলোর একটি হচ্ছে পাকিস্তানের বাজাউর অঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের ওপর চালানো হামলা।
সংবাদপত্রটি জানায়, ওই কর্মকর্তারা আর কোনো হামলা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ওই ক্ষমতার মাধ্যমে মার্কিন বাহিনী ইরানে কোনো অভিযান পরিচালনা করেনি বলে পরিস্কার জানিয়েছেন তারা।
এছাড়া সংবাদপত্রটি থেকে এ বিষয়ে হোয়াইট হাউস, প্রতিরক্ষা বিভাগ ও সেনাবাহিনীর মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করকে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪১৮ ঘ.
bdnews24