২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন, মিসরে ঠাঁই না পেয়ে কাতারে লাদেনপুত্র

ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন স্পেনে রাজনৈতিক আশ্রয় না পেয়ে শনিবার সস্ত্রীক মিসরে ফিরে গেলেও তাকে আশ্রয় দেয়নি কায়রো। তাদেরকে কাতারগামী একটি বিমানে তুলে দেয় মিসর। আল-জাজিরা টেলিভিশন রোববার জানিয়েছে, তারা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

কায়রো, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন স্পেনে রাজনৈতিক আশ্রয় না পেয়ে শনিবার সস্ত্রীক মিসরে ফিরে গেলেও তাকে আশ্রয় দেয়নি কায়রো। তাদেরকে কাতারগামী একটি বিমানে তুলে দেয় মিসর। আল-জাজিরা টেলিভিশন রোববার জানিয়েছে, তারা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। কাতার টেলিভিশন জানিয়েছে, "ওমর বিন লাদেন মিসরের একটি বিমানে করে উপসাগরীয় এই আরব রাষ্ট্রে পৌঁছেছেন।" এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর আগে মিসরের বিমানবন্দর সূত্র লাদেনের ছেলে এবং তার স্ত্রীকে কাতারে পাঠানোর কথা জানায়। তারা এও জানায়, সৌদি নাগরিক হওয়ার কারণে কাতারে প্রবেশের আইনগত অধিকার রয়েছে ওমর বিন লাদেনের। ওমর দম্পতি গত সোমবার কায়রো থেকে একটি বিমানে করে মাদ্রিদ বিমানবন্দরে যান। এসময় ওমর সৌদি পাসপোর্ট বহন করছিলেন। কায়রো থেকে মরক্কোগামী একটি ফ্লাইটে করে তারা মাদ্রিদে যান এবং স্পেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান। কিন্তু আবেদনের সুরাহা না হওয়ায় পাঁচদিন ধরে তারা মাদ্রিদ বিমানবন্দরে ছিলেন। ওমর বিন লাদেন এবং তার ব্রিটিশ স্ত্রী জায়না আল সাবাহ-বিন লাদেন ২০০৭ এবং ২০০৮ সালে বেশ কয়েকমাস মিসরে ছিলেন। তারা সেখান থেকে ব্রিটেনে যেতে চাইলেও ব্রিটেন এই দম্পতিকে ভিসা দিতে রাজি না হওয়ায় স্পেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তারা। এ বিষয়ে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো পেরেজে রুবালকাবা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, "স্পেনীয় আইনে এমন কোনো বিধান নেই যার অধীনে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যায়।" স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা মনে করেন না যে মিসরে তারা হুমকির মুখে আছেন। স্পেনের এল মুনডো পত্রিকাটি জানায়, শনিবার গ্রিনিচ সময় ১৩০০টায় ইজিজেট এর একটি ফ্লাইটে কায়রোর উদ্দেশে মাদ্রিদ ছাড়েন ওমর বিন লাদেন এবং তার স্ত্রী ব্রিটিশ নাগরিক জায়না আল সাবাহ-বিন লাদেন। লাদেনপুত্রকে বিয়ে করার আগে জায়না পরিচতি ছিলেন জেন ফেলক্স-ব্রাউনি হিসেবে। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শুক্রবার তিনি বলেন, "স্পেন আমাদের টিকে থাকার একমাত্র সুযোগ, আমাদের বেঁচে থাকার একমাত্র সুযোগ।" লাদেনের পুত্রবধূ আরও বলেন, তিনি আশঙ্কা করছেন যে, তার শ্বশুর ওসামা বিন লাদেন এবং তার দল আল-কায়েদার বিরোধিতা করার কারণে তাকে এবং তার স্বামীকে আততায়ীরা মেরে ফেলেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.