২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সঙ্গে আলোচনায় প্রস্তুত হামাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে হামাস নেতা খালেদ মিশাল শনিবার জানিয়েছেন, হামাসের অধিকারের প্রতি ওবামাকে অবশ্যই সম্মান দেখাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

লন্ডন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে হামাস নেতা খালেদ মিশাল শনিবার জানিয়েছেন, হামাসের অধিকারের প্রতি ওবামাকে অবশ্যই সম্মান দেখাতে হবে। গত জুলাইতে ইসরায়েল সফরের সময় ওবামা জানিয়েছিলেন, সহিংসতা বন্ধ না করলে এবং ইসরায়েলের অবস্থান মেনে না নিলে হামাসের সঙ্গে আলোচনার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনও হামাসের সঙ্গে আলোচনা থেকে বিরত আছে। সিরিয়ার রাজধানী দামেস্কে স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে হামাস নেতা খালেদ মিশাল বলেন, "আমেরিকায় একটি বড় পরিবর্তন এসেছে, সেটি রাজনৈতিক ও মনস্তাত্তিক উভয় দিক থেকেই। প্রেসিডেন্ট ওবামাকে আমি অভিনন্দন জানিয়েছি।" স্কাই নিউজের ওয়েবসাইটে একথা জানানো হয়। হামাস নেতা বলেন, "তবে ওবামাকে মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র এবং সমগ্র বিশ্বের প্রতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংঘাতময় অঞ্চলের ক্ষেত্রে তার অনেক দায়িত্ব রয়েছে।" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ওবামা এবং তার প্রশাসনের সঙ্গে খোলামন নিয়ে আলোচনা শুরুর জন্য আমরা প্রস্তুত। তবে এক্ষেত্রে আমেরিকান প্রশাসনকে আমাদের অধিকারের প্রতি আবশ্যই সম্মান দেখাতে হবে।" যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্য সংকট সমাধানে সহযোগিতা করতে চায় তাহলে হামাসের সঙ্গে আলোচনায় বসা ছাড়া তাদের অন্য কোনো পথ নেই বলে তিনি জানান। খালেদ মিশাল বলেন, "নির্বাচনে জিতে হামাসই ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ দল। তাছাড়া হামাস কারো প্রতি হুমকিও নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ ঘ.