২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সঙ্কট মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বারাক ওবামা শনিবার বলেছেন, দীর্ঘ নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় এখন সময় এসেছে দলীয় ভেদাভেদ ভুলে একযোগে সবার কাজ করার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

শিকাগো, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বারাক ওবামা শনিবার বলেছেন, দীর্ঘ নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় এখন সময় এসেছে দলীয় ভেদাভেদ ভুলে একযোগে সবার কাজ করার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সাংবাদ সম্মেলনে ওবামা জানান, আগামী জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আর্থিক সঙ্কট মোকাবেলায় তিনি দ্রুত পদক্ষেপ নেবেন। অর্থনীতিকে বেগবান করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যবিত্তের সাহায্যে প্যাকেজ পরিকল্পনা গ্রহণ হবে তার অগ্রাধিকারমূলক দায়িত্ব। তিনি বলেন, "আমরা যে গর্তের মধ্যে পড়ে গেছি তা থেকে বেরিয়ে আসা খুব সহজ নয় এবং রাতারাতি সবকিছু পাল্টানোও সম্ভব হবে না।" গত মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাটিক নেতা ওবামা। আগামী ২০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ওবামা বলেন, "একটি শক্তিশালী এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সম্ভাবনাময় দেশ। রাজনীতি এবং দলীয় ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে পারলে আমরা সফল হব।" অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য প্যাকেজ পরিকল্পনা গ্রহণ এবং মধ্যবিত্তদের করের বোঝা কমানো হবে বলেও তিনি জানান। ওবামা বলেন, "আর্থিক খাত বেগবান করতে ক্ষমতা গ্রহণের আগেই বা ক্ষমতা নেওয়ার পরপরই একটি প্যাকেজ পরিকল্পনা অনুমোদন করিয়ে নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসএনডি/১৮৫৫ ঘ.