ইসলামাবাদ, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - 'সাইবার সন্ত্রাসের' মাধ্যমে মানুষের প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তির বিধান করে একটি আইন করেছে পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক ফরমান জারির মাধ্যমে ওই বিধান করেন।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বৃহস্পতিবার জারি করা ওই অধ্যাদেশটিতে বলা হয়, কম্পিউটার কিংবা অন্য কোনো ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে জড়িত যে কোনো ব্যক্তির জন্য 'ইলেক্ট্রনিক অপরাধ প্রতিরোধ' নামের ওই আইনটি প্রযোজ্য হবে।
রাষ্ট্র পরিচালিত এপিপি বার্তা সংস্থা প্রকাশিত ওই অধ্যাদেশের একটি কপিতে অনুযায়ী, "সাইবার সন্ত্রাস করে এবং এর মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় এমন যে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে।"
আইনটি পাকিস্তানে কিংবা পাকিস্তানের বাইরে বসবাসরত যে কোনো পাকিস্তানি কিংবা বিদেশী নাগরিকের জন্য প্রযোজ্য হবে।
আইনটিতে বলা হয়, ''জেনে শুনে কোনো সন্ত্রাসবাদী কাজের উদ্দেশ্যে" কেউ কোনো কম্পিউটার নেটওয়ার্ক কিংবা ইলেক্ট্রানিক সিস্টেমে ঢুকলে তাকে 'সাইবার সন্ত্রাস' হিসেবে গণ্য করা হবে।
'সন্ত্রাসবাদী কাজ' হিসেবে অনেক কিছুকেই তালিকাভুক্ত করা হয়েছে আইনটিতে। এরমধ্যে রয়েছে, রাসায়নিক অস্ত্র, জীবাণু অস্ত্র কিংবা পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রয়োজন হয় এমন কোনো গোপনীয় তথ্য বা নথিপত্র চুরি করা, কপি করা কিংবা চুরি করার চেষ্টা চালানো।
অধ্যাদেশটিতে একইসঙ্গে এ জাতীয় অন্যান্য অপরাধের জন্যও শাস্তির বিধান করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে, যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার ইলেক্ট্রনিক সিস্টেমে অবৈধভাবে ঢুকে পড়া, ইলেক্ট্রনিক জোচ্চুরি ও প্রতারণা, এ ধরনের কোনো ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা এবং এরকম কোনো ব্যবস্থার কোড কিংবা এনক্রিপশনের অননুমোদিত ব্যবহার করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.
bdnews24