শিকাগো, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা বলেছেন, পরমাণু অস্ত্র বানানো থেকে ইরানকে বিরত রাখার জন্য অবশ্যই একটি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। শিকাগোতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবামা বলেন, "ইরানের পরমাণু অস্ত্র বানানোর বিষয়টি মেনে নেওয়া যায় না।"
তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ইরানের মদদ দেওয়ার বিষয়টি বন্ধ করতে হবে।"
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাসে গড়া ওবামা বলেছেন, তার বিজয়ে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের লেখা চিঠিটি পর্যালোচনা করে দেখছেন তিনি। চিঠিটির বক্তব্য বুঝে নিয়ে তার যথাযথ প্রত্যুত্তর দেওয়া হবে বলেও তিনি জানান।
অবশ্য ওবামা এটাও বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ একইরকম 'হাঁটু-কাপানো' ভঙ্গিতে চলতে পারে না। "আমি মনে করি এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা করা উচিত।"
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিননীতির "মৌলিক ও গুণগত" পরিবর্তন আনার আহ্বান জানান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বার্তায় আহমাদিনেজাদ বলেন, "ব্যাপক ভোট পাওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনি আমেরিকার নিঃস্বার্থ সংখ্যালঘু মানুষের আশা-আকাঙ্খা ও ন্যায়বিচারের প্রত্যাশা পূরণকে অগ্রাধিকার দেবেন।"
যুক্তরাষ্ট্রে ক্ষমতার এই পরিবর্তনের মাধ্যমে "বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার আচরণ ও রাজনীতির মৌলিক ও গুণগত পরিবর্তন সূচিত হলে ইরান স্বাগত জানাবে" বলে মন্তব্য করেন তিনি।
আমেরিকার কাছে কট্টরপন্থী হিসেবে পরিচিত আহমাদিনেজাদ আশা প্রকাশ করেন, ওবামা যুক্তরাষ্ট্রের "যুদ্ধপ্রবণ" রাজনীতির অবসান ঘটাবেন।
ওবামা এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমের বিরোধ মীমাংসায় তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দেন। তবে একইসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে।
ইরানে ইসলামিক বিপ্লবের মাধ্যমে মার্কিন মদদপুষ্ট রেজা শাহ পহলবীর শাসন অবসানের পরপরই তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। সেই থেকে তেহরানের পারমাণবিক কর্মসূচিসহ অনেক বিষয়ে চরম তিক্ততা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সন্দেহ ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, জ^ালানি শক্তি বাড়ানোই তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য।
বুশ প্রশাসন ইরানকে "শয়তানের অক্ষচক্রের" অন্যতম দেশ হিসেবে চিহ্নিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১২৪৬ ঘ.
bdnews24